ডেঙ্গু ও হামে ১২ জনের মৃত্যু

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ডেঙ্গুতে ৪ জন এবং হামের উপসর্গে ৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চলতি মাসের ১০ দিনে ডেঙ্গুতে ভর্তি হয়েছে ১৭ হাজার ৪৬২ জন, মৃত্যু হয়েছে ৫৪ জনের।

ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭ হাজার ৮২ জন। মৃত্যু হয়েছে ২৯৯ জনের। ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯৩১ জন। ২৪ ঘণ্টায় মৃত ৪ জনের রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা উত্তর সিটি ও খুলনায় একজন করে। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৬২৭ জন। চলতি বছরে ছাড়পত্র পেয়েছেন ৯১ হাজার ৭ জন। হামবিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত আটজনের ঢাকায় ৫ জন, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহে একজন করে। ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯৫৫ জন এবং হাম শনাক্ত হয়েছে ১৩১ জনের। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ১ হাজার ১৫৫ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০৪ শিশুর। বাকি ১ হাজার ৫১ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে।

সর্বশেষ সর্বাধিক পঠিত