চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নে ভাড়া বাসা থেকে মোহাম্মদ রুবেল হোসেন (৩২) নামে এক টাইলস মিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে উপজেলার বৈলতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দীঘির পূর্ব পাড় এলাকায় হাজী সিরাজুল ইসলামের ভাড়া টিনের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘরের ভেতরে আড়ার সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিলেন তিনি।
নিহত রুবেল হোসেন বৈলতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছিদ্দিক মিয়ার বাড়ির মৃত মোহাম্মদ খোরশেদুল আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় এক শ্রমিক কাজের জন্য রুবেলকে খুঁজতে তার ভাড়া বাসায় যান। সেখানে ঘরের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করেন ওই শ্রমিক। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের দাবি, অনলাইন জুয়া ও মাদকাসক্তি নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারে কলহ চলছিল। এর জেরেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।