মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ ছয় ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিরোধের মুখে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
রবিবার (১১ অক্টোবর) ভোর ৫টার দিকে গাংনী উপজেলার ধলা রংমহল সীমান্ত দিয়ে এ পুশইনের চেষ্টা করা হয়।
বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেন হাসান রনি জানান, আন্তর্জাতিক সীমান্তের ১২৭ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে চার নারী ও দুই পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। ভারতের দিঘলকান্দি বিএসএফ ক্যাম্পের কমান্ডার হিম্মত সিংয়ের নেতৃত্বে বিএসএফ সদস্যরা এ চেষ্টা করেন।
এ সময় রংমহল বিজিবি ক্যাম্পের টহল দল বিষয়টি বুঝতে পেরে প্রতিরোধ গড়ে তোলে। বিজিবির শক্ত অবস্থানের মুখে ওই ছয় ভারতীয় নাগরিককে ফিরিয়ে নেয় বিএসএফ।
বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক আরও জানান, সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। কোনোভাবেই সীমান্ত দিয়ে পুশইন গ্রহণযোগ্য হবে না। এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সমর্থন ও সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি তাদের সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান।
পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি