কেরানীগঞ্জে ১৯ জেলার বাসের অস্থায়ী টার্মিনাল উদ্বোধন

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পিএম

রাজধানীর যানজট কমানো ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার লক্ষ্যে দক্ষিণবঙ্গের ১৯টি জেলার বাস চলাচলের জন্য অস্থায়ী বাস টার্মিনাল চালু করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়ায় রাজউকের ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় একটি অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে এ টার্মিনাল উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন বিষয়ক সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। গত ২৪ মার্চ, ১৪ মে, ১৫ জুন ও ২৯ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাগুলোতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। 

পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে এ অস্থায়ী টার্মিনাল থেকে দক্ষিণবঙ্গের ১৯টি জেলায় বাস চলাচল শুরু হবে। এর ফলে রাজধানীর অভ্যন্তরে দূরপাল্লার বাসের প্রবেশ ও চলাচলজনিত চাপ কমবে। পাশাপাশি নগরীর যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

রাজধানীর যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছে ডিএমপি। জনস্বার্থে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এ ধরনের সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত