সাংবাদিক মাসুম বাদশাহর ওপর হামলা ও হাতঘড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় জামিন বাতিলের পর ওয়াজুদ্দিন (৪৫) নামে এক আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১২ অক্টোবর) মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাকিব হোসেনের আদালতে জামিন আবেদন নামঞ্জুর হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
কারাগারে পাঠানো ওয়াজুদ্দিন সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত জোনাব আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মতিয়ার রহমান।
বাদীপক্ষের আইনজীবী জানান, সাংবাদিক মাসুম বাদশাহর ওপর হামলা ও তার হাতঘড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ তদন্ত কর্মকর্তার দাখিল করা অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। সোমবার আদালতে শুনানি শেষে ওয়াজুদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। এ সময় আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট দেওয়ান মিজানুর রহমান।
আদালত সূত্রে জানা গেছে, ফৌজদারি রিভিশন মামলার আদেশের পরিপ্রেক্ষিতে গত ২৬ জুলাই মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান আসামিদের জামিন বাতিলের নির্দেশ দেন। পরে ১৫ সেপ্টেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সজীব চৌধুরী চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার ওই চার আসামি হলেন সিংগাইরের লক্ষ্মীপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিন গাদুর ছেলে হুমায়ুন ওরফে ‘ইয়াবা হুমায়ুন’ (৪০), তুফান আলীর ছেলে আনোয়ার হোসেন (৪০), কাউছারের ছেলে জিসান (২২) ও ওয়াজুদ্দিন (৪৫)। তাঁদের মধ্যে জিসান গত ৫ অক্টোবর বিচারিক আদালত থেকে জামিন পেয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।
বাদীপক্ষের আইনজীবীর দাবি, মামলার কয়েকজন আসামি উচ্চ আদালতের নির্দেশনা ও আইনগত প্রক্রিয়া এড়িয়ে জামিন নেওয়ার চেষ্টা করেছিলেন। বিষয়টি রিভিশন শুনানিতে আদালতের নজরে আনা হলে আসামিদের জামিন বাতিলের আদেশ দেওয়া হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, সংবাদ প্রকাশের জেরে গত বছরের ১৫ এপ্রিল সকাল পৌনে ১০টার দিকে সিংগাইর উপজেলার ধল্লা বাজারসংলগ্ন পল্লী উন্নয়ন সমাজকল্যাণ সংস্থার কার্যালয়ের বারান্দায় সাংবাদিক মাসুম বাদশাহর ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে থানায় মামলা করেন তিনি।
মাসুম বাদশাহ দৈনিক ভোরের কাগজের সিংগাইর প্রতিনিধি, সাভার থেকে প্রকাশিত দৈনিক ফুলকির স্টাফ রিপোর্টার এবং টাইমস অফ বাংলাদেশ এর মানিকগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি সিংগাইর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। তার বাড়ি উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামে।