বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন গুপ্ত ও পলাতক ফ্যাসিস্টরা এক হয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে যেকোনো মূল্যে এসব ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর গ্রামে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক সাইফুদ্দিন আহমেদ মনির তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, ‘আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে, খাল খনন শুরু হয়েছে। জাতিসংঘের মতো জায়গায় বিএনপি নেতৃত্ব দিচ্ছে। এমন পরিস্থিতিতে গুপ্ত, ঘাপটি মেরে থাকা পলাতক ফ্যাসিস্টরা এক হয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তাদের বলতে চাই, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে যেকোনো মূল্যে ষড়যন্ত্র প্রতিহত করা হবে।’
সাইফুদ্দিন আহমেদ মনির অবদানের কথা স্মরণ করে বিএনপির এই নেতা বলেন, ‘সাইফুদ্দিন আহমেদ মনি দেশের সম্পদ। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে সামনের সারিতে থেকে বুক চিতিয়ে লড়াই করেছেন তিনি। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী আমাদের এখানে পাঠিয়েছেন।’
তিনি আরও বলেন, ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী সড়কটি সাইফুদ্দিন আহমেদ মনির নামে নামকরণের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে বলা হবে। এ সময় তিনি মনির জন্য সবার কাছে দোয়া চান।
এর আগে সাইফুদ্দিন আহমেদ মনির তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত করেন আমান উল্লাহ আমানসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। পরে তাঁরা মোনাজাতে অংশ নেন এবং কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা ও আত্মত্যাগের কথা স্মরণ করা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়।
সাইফুদ্দিন আহমেদ মনির ছোট ভাই অধ্যাপক মাইনুদ্দিন আহমেদ খালেদের সভাপতিত্বে এবং বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব, ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দীন আলম, সাবেক ছাত্রনেতা খন্দকার লুৎফর রহমান এবং ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব আমিরুল ইসলাম ভূঁইয়াসহ দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাইফুদ্দিন আহমেদ মনির ভূমিকা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসের একটি উল্লেখযোগ্য অধ্যায়। তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত, মোনাজাত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তাঁর অবদান স্মরণ করেন বিএনপির নেতারা।