গারো পাহাড়ের পাদদেশে আদিবাসী ফুটবল উৎসব

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পিএম

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী গারো পাহাড়সংলগ্ন ডুমনিকোড়া মাঠে অনুষ্ঠিত হয়েছে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। অনুষ্ঠানে অতিথিদের ঐতিহ্যবাহী স্বাগত নৃত্যের মাধ্যমে বরণ করে নেন আদিবাসী তরুণীরা।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার ক্রীড়া, সংস্কৃতি ও ধর্মীয় চর্চার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে যুবসমাজকে অনৈতিকতা থেকে দূরে রেখে তারুণ্যের শক্তিকে উন্নত বাংলাদেশ গড়ার কাজে লাগাতে হবে।

তিনি বলেন, প্রতি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বরাদ্দ ও প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দুই মাসের মধ্যে মাঠগুলো প্রস্তুতের পরিকল্পনা রয়েছে, যাতে আগামী বছর থেকে প্রতি ইউনিয়নে নিয়মিত খেলাধুলা ও ক্রীড়া উৎসবের পরিবেশ সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, শিক্ষা ও গঠনমূলক কাজে সম্পৃক্ত করতে হবে। প্রতি এলাকায় যুবকদের নিয়ে ক্রীড়া দল গঠন, নিয়মিত ফুটবলসহ অন্যান্য প্রতিযোগিতার আয়োজন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়াতে হবে। পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক কাজ, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগেও তরুণদের এগিয়ে আসতে হবে।

নিজেদের মেধা, দক্ষতা ও তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে বৈষম্যহীন, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, ধোবাউড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ রাব্বানী সুমন, ট্রাইবাল অ্যাসোসিয়েশন হালুয়াঘাটের চেয়ারম্যান শুভ্রত রেমা, জেলা যুবদলের সহসভাপতি তারিকুল ইসলাম চঞ্চল, যুগ্ম সম্পাদক ফরহাদ আলী রাজী, গারো স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি প্রভাত দ্রং, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফিন পাপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক তাজবীর হোসেন অন্তর প্রমুখ।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ফাইনালে সেভেন ওয়ারিয়র্স টিম চ্যাম্পিয়ন এবং জিং জিং ফুটবল ক্লাব রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত