ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন শুরু হচ্ছে আগামী বছরের ২১ জানুয়ারি। সাড়ে ৪ হাজার ইউপির এ নির্বাচন হবে পাঁচ ধাপে। শেষ ধাপে ভোট হবে ২৭ মে। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ইসি কমিশন এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানান, আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোট হবে। এরপর দ্বিতীয় ধাপের ভোট ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপের নির্বাচন হবে ২৭ মে। প্রথম ধাপে ৮০ উপজেলার ৮১৫ ইউনিয়ন পরিষদের নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে।
মো. সানাউল্লাহ বলেন, সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদের মধ্যে আনুমানিক ৪ হাজার ৩শর মতো নির্বাচন উপযোগী রয়েছে, সেগুলো ২৭ মের মধ্যে শেষ করা হবে। তিনি বলেন, ইসি ভোটের তারিখ দিয়েছে। আর জেলা নির্বাচন কর্মকর্তারা ছয় সপ্তাহ বা যখন যে নির্বাচন হবে ৩৮-৪২ দিন আগে তফসিল ঘোষণা করবেন। তিনি বলেন, সব নির্বাচনই বৃহস্পতিবারে পড়েছে। সব জেলায় নির্বাচন হবে প্রতি ধাপে, সদর উপজেলাকে অগ্রাধিকার থাকবে। যেসব ইউপি নির্বাচন উপযোগী হবে সেগুলো অগ্রাধিকার পরে। অ্যালফাবিটিক্যালি উপজেলাগুলো ধাপে ধাপে সমন্বয় করা হবে।
এদিকে নভেম্বর থেকে পার্সোনালাইজেশন সেন্টারে স্মার্টকার্ড প্রিন্ট শুরু হবে বলে সাংবাদিকদের জানান নির্বাচন কমিশনার। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের আলোচ্যসূচি তুলে ধরে তিনি বলেন, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা বৃদ্ধি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, যা পরবর্তীতে একটি কমিটির মাধ্যমে চূড়ান্ত করা হবে। তিনি বলেন, আগামী মাসের মাঝামাঝি থেকে পূর্ণ সক্ষমতায় স্মার্টকার্ড প্রিন্ট করার এবং অডিট অবজেকশনসহ অন্যান্য প্রশাসনিক সমস্যার সমাধান করা হবে।
মৃত ভোটারদের বাদ দেওয়ার বিষয়ে ইসির বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে তিনি বলেন, মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার প্রচলিত পদ্ধতিকে আরও যুগোপযোগী করতে এবং অন্যান্য সোর্স থেকে তথ্য নিয়ে সময়মতো ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার একটি পাইলট প্রজেক্ট কিছু উপজেলা ও ইউনিয়নে চালু করা হবে। এটি সফল হলে যথাসময়ে মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে সব উপজেলায় পদক্ষেপ নেওয়া হবে।
সানাউল্লাহ বলেন, কমিশন শুরু থেকেই সিদ্ধান্ত নিয়েছে যে আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। বর্তমান ইভিএমগুলো ডিসপোজাল সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এ নিয়ে অনেক ঝামেলা পোহাতে হচ্ছে। চূড়ান্তভাবে দুদকসহ আইনি জটিলতা নিষ্পন্নের জন্য এবং দ্রুত সময়ে ডিজপোজালের ব্যবস্থা নেওয়া হবে।