রাজধানীর পল্লবী ও বনানী থানাধীন ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকা- এবং উসকানিমূলক প্রচারণার অভিযোগে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মিরপুর বিভাগ। গত রবিবার রাতে রাজধানীর পল্লবী ও বনানী ডিওএইচএস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ।
গতকাল সোমবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা তাদের সহযোগীদের নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে সরকারবিরোধী প্রচারণা, উসকানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি ও প্রচার এবং অবৈধ অর্থায়নের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া ইউনিটি কেয়ার পাবলিক পার্লামেন্ট নামে একটি প্ল্যাটফর্ম এবং ‘কালআজকাল. কম’ নামে আরেকটি পেজের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে।
গ্রেপ্তারকৃতরা তাদের সহযোগীদের নিয়ে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সরকার ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকান্ড এবং উসকানিমূলক প্রচারণা করে আসছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, পল্লবী থানার একটি মামলায় দুই আসামিকে আদালতে তোলা হয়। শুনানি শেষে আদালত আসামিদের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, ডিবি বাদী হয়ে পল্লবী থানায় গুলশান আরার বিরুদ্ধে সন্ত্রাস ও সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে।