সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ এবং তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের সম্পদের হিসাব চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া পিরোজপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য শামিম শাহ্ নেওয়াজসহ অন্যদের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। গতকাল সোমবার দুদকের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।
দুদকের তথ্য অনুযায়ী, দুদকের অনুসন্ধানে সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের নামে ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। দুদকের অনুসন্ধানের স্বার্থে তাদের দুজনের নামে কী পরিমাণ সম্পদ রয়েছে তার হিসাব বিবরণী দাখিলের জন্য নোটিস জারির সিদ্ধান্ত নিয়েছে কমিশন। দুদক শিগগিরই তাদের ঠিকানায় সম্পদবিবরণী দাখিলের নোটিস পাঠাবে। অন্যদিকে, দুদকের অনুসন্ধানে আওয়ামী যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের ২০ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিনের সহায়তায় তার স্ত্রী নাজিয়া হাসান ডালিয়া ৭৬ লাখ ৬৩ হাজার ৪৩৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। অবৈধ সম্পদ অর্জন করে নিজ ভোগ দখলে রাখার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।