প্রেমঘটিত জটিলতার জেরে বিষপান করে দীর্ঘ ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর মারা গেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রসায়ন বিভাগের এক শিক্ষার্থী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ৩টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার বাঁধন (২১)। তিনি রসায়ন বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলায় এবং তিনি বিশ্ববিদ্যালয়ের কাছেই টিলারগাঁও এলাকার একটি মেসে ভাড়া থাকতেন।
বিশ্ববিদ্যালয় ও সহপাঠীদের সূত্রে জানা যায়, বাঁধনের সঙ্গে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন রাতে ওই তরুণী ও তার এক আত্মীয়ার সঙ্গে ফোনে বাঁধনের বাকবিতণ্ডা ও মনমালিন্য হয়। পরবর্তীতে তার ফোন পরীক্ষা করে ওই সময়ের কল রেকর্ড ও মেসেজের প্রমাণ পায় বন্ধুরা।
গত ৪ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে নিজ মেসে বসেই কীটনাশক পান করেন বাঁধন। শুরুতে বিষয়টি কাউকে বুঝতে না দিলেও রাত সাড়ে ১২টার দিকে সহপাঠী ও শিক্ষকরা বিষয়টি জানতে পেরে তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। অবস্থার দ্রুত অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে প্রথমে সাধারণ ওয়ার্ড এবং পরে আইসিইউতে স্থানান্তর করেন। সেখানে টানা ৯ দিন লাইফ সাপোর্টে থাকার পর আজ তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক ড. ইকবাল আহমেদ সিদ্দিকী জানান, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করার সঙ্গে সঙ্গেই বিভাগের শিক্ষকরা হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, প্রেমঘটিত কলহের জেরে এর আগেও প্রায় তিন মাস আগে বাঁধন একবার ইঁদুরের বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন এবং সে সময়ও তাকে ৪-৫ দিন হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল।