এনসিপির কেন্দ্রীয় কমিটিতে আসছে নতুন মুখ

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১০:১৩ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে আসছে নতুন মুখ। দলটির নেতৃত্বের কাঠামো পুনর্গঠন করে ‘সুপার ইলেভেন’ থেকে ‘সুপার সিক্স’ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন নিজ নিজ পদে বহাল থাকছেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেতে যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী এক-দুই দিনের মধ্যে পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটির তালিকা প্রকাশ করা হতে পারে। কমিটি পুনর্গঠনের ক্ষেত্রে নেতাদের দক্ষতা ও কাজের পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির নেতারা।

পুনর্গঠিত কমিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেতে যাচ্ছেন। অন্যদিকে, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব দেওয়ার কথা রয়েছে।

বর্তমানে এনসিপিতে শীর্ষ পর্যায়ের ১১টি পদ রয়েছে, যা দলটির নেতৃত্বের মধ্যে ‘সুপার ইলেভেন’ নামে পরিচিত। কমিটি পুনর্গঠনের পর শীর্ষ নেতৃত্বের এই কাঠামো ছয়টি গুরুত্বপূর্ণ পদকে কেন্দ্র করে সাজানো হবে। দলটির নেতারা নতুন এই কাঠামোকে ‘সুপার সিক্স’ হিসেবে অভিহিত করছেন।

২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্যসচিব করে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে এনসিপি। শুরু থেকেই নাসীরুদ্দীন পাটওয়ারী দলের মুখ্য সমন্বয়ক, হাসনাত আবদুল্লাহ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সারজিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এনসিপিতে যোগ দিয়ে দলের মুখপাত্রের দায়িত্ব পান সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

দলীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, এবারের পুনর্গঠনের অন্যতম প্রধান লক্ষ্য হলো নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দলের নেতৃত্বে আরও গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে আসা। দল গঠনের পর থেকে জাতীয় নির্বাচন এবং সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে এই চার নেতার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নতুন কমিটিতে তাঁদের পদোন্নতির মধ্য দিয়ে সেই ভূমিকার প্রতিফলন ঘটতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, দলটি প্রথমে আহ্বায়ক কমিটির মাধ্যমে কার্যক্রম শুরু করেছিল। পরবর্তী সময়ে অনেকেই এনসিপিতে যুক্ত হন। তাঁদের জায়গা করে দিতে পরে আরও কিছু পদ সৃষ্টি করা হয়েছিল।

মনিরা শারমিনের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে চলে আসা এই সাংগঠনিক কাঠামো এখন পুনর্গঠন করা প্রয়োজন বলে দল মনে করছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই এনসিপির সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন আনা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত