মাদারীপুরে অভিবাসন সেবা নিয়ে কৌশলগত কর্মশালা

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পিএম

মাদারীপুরে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে জেলা পর্যায়ে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে কৌশলগত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), ইউরোপীয় ইউনিয়ন ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের যৌথ উদ্যোগে শরীয়তপুর পদ্মা আর্মি ওয়েলফেয়ার রিসোর্টের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সালাহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহী। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার।

কর্মশালায় বক্তব্য দেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) জুয়েল আহমেদ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপপরিচালক মো. রেজওয়ানুল হক চৌধুরী এবং মানবাধিকার সংস্থা রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক।

প্রধান অতিথি সালাহউদ্দিন আহমেদ বলেন, নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। পাশাপাশি অভিবাসনপ্রত্যাশীদের সঠিক তথ্য ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা জরুরি।

পুলিশ সুপার মো. ফজলে এলাহী বলেন, অভিবাসনপ্রত্যাশীদের দালাল ও প্রতারক চক্রের বিষয়ে সচেতন থাকতে হবে। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে পুলিশ সব সময় সহযোগিতা করবে।

জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, অভিবাসনসেবা সহজ ও কার্যকর করতে জেলা পর্যায়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে।

রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, অভিবাসীদের অধিকার সুরক্ষার পাশাপাশি নারী অভিবাসীদের জন্য জেন্ডার-সংবেদনশীল সেবা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে মানব পাচার প্রতিরোধে সচেতনতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন আইওএমের ন্যাশনাল প্রোগ্রাম অফিসার ফারজানা শাহনাজ, সক্ষমতা বৃদ্ধি ও অভিবাসন সমন্বয়কারী সাবরিনা সোহানী, প্রোগ্রাম অ্যাসোসিয়েট মো. শাহ শফিউর জালাল, সিনিয়র প্রোগ্রাম অ্যাসোসিয়েট সুভ্র প্রকাশ দে ও অমল বিশ্বাস, প্রোগ্রাম অ্যাসোসিয়েট মেহেদি হাসান এবং রাইটস যশোরের প্রত্যাশা-২ প্রকল্পের মাদারীপুরের প্রোগ্রাম অফিসার মো. বায়জীদ মিয়াসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অংশীজনেরা।

কর্মশালায় অভিবাসীদের অধিকার সুরক্ষা, নারী অভিবাসীদের জন্য জেন্ডার-সংবেদনশীল সেবা, নিরাপদ অভিবাসন এবং স্থানীয় পর্যায়ে অভিবাসনসেবার ঘাটতি ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি মাদারীপুর জেলার জন্য কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত