ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলা, নিহত ৬

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পিএম

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। হামলায় দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎহীন হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার কয়েক দিনের মধ্যেই এ হামলা চালাল রাশিয়া। খবর আল জাজিরার। 

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাতে বুধবার (১৪ অক্টোবর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের যোগাযোগ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ‘ব্যাপক’ হামলা চালিয়েছে রুশ বাহিনী।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রাজধানী কিয়েভে বিদ্যুৎ ও তাপ সরবরাহকারী দুটি স্থাপনা, আশপাশের অঞ্চলে আরও দুটি স্থাপনা এবং একটি বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা চালানো হয়েছে। এ ছাড়া ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপ ও বিদ্যুৎকেন্দ্রেও হামলা হয়েছে। খারকিভ অঞ্চলের দক্ষিণ-পূর্বাঞ্চলে ইউক্রেনের সামরিক বাহিনীকে বিদ্যুৎ সরবরাহ করে এমন একটি তাপবিদ্যুৎ স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করেছে মস্কো। 

রাশিয়ার দাবি, কিয়েভের একটি তথ্যকেন্দ্রেও হামলা চালানো হয়েছে, যেটি রুশ সামরিক বাহিনী সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহে ব্যবহার করা হতো।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে তিনি লেখেন, ‘কিয়েভ ও আশপাশের অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোতে ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে।’

ইউক্রেনের বৃহত্তম বেসরকারি জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান ডিটিইকে জানিয়েছে, হামলার কারণে কিয়েভের কয়েকটি এলাকায় জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে হয়েছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগের তথ্য অনুযায়ী, রাজধানীর দেনিয়ানস্কি জেলায় একটি বহুতল আবাসিক ভবনে রুশ হামলায় দুজন নিহত হয়েছেন। এ ছাড়া গোলসিয়িভস্কি জেলায় আরেকটি হামলায় একজনের মৃত্যু হয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রাশিয়ার হামলায় দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলেও একজন নিহত হয়েছেন। এ ছাড়া খারকিভ ও ঝিতোমির অঞ্চলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। সুমি ও চেরনিহিভ অঞ্চলেও হামলা চালানো হয়েছে।

কিয়েভ থেকে আলজাজিরার প্রতিবেদক অড্রে ম্যাকঅ্যালপাইন জানিয়েছেন, রাজধানীতে চালানো হামলায় রেকর্ডসংখ্যক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এসব হামলার কারণে ইউক্রেনজুড়ে পাঁচ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন বলে জানান তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত