আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের প্রতিবাদে নারায়ণগঞ্জে আদালতে বিক্ষোভ

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পিএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির সাবেক সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার প্রতিবাদে আদালতপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, সেলিনা হায়াৎ আইভী আদালত প্রাঙ্গণে এসে রাজনীতি করতে চাইছেন। ফ্যাসিস্ট স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা করছেন। নারায়ণগঞ্জের মানুষ তাঁর এই অভিলাষ পূরণ হতে দেবে না।

তিনি বলেন, আদালতপাড়ায় যারা স্লোগান দিয়েছেন, তাঁদের প্রত্যেককে ছবি দেখে গ্রেপ্তার করতে হবে। ভবিষ্যতে গ্রেপ্তারের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হলে কিংবা প্রশাসন ব্যর্থ হলে এর দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে।

মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, সাবেক মেয়র, আপনাকে শান্তিতে বাড়িতে ঘুমাতে দিয়েছি। আপনি যদি নিষিদ্ধ স্লোগান দিয়ে নারায়ণগঞ্জকে উত্তপ্ত করতে চান, তাহলে কিন্তু আপনার হোয়াইট হাউসের বাড়ির ইটও থাকবে না। একজন ভারতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, আপনিও কিন্তু ভালো থাকবেন না।

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল গাফ্ফার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, অ্যাডভোকেট আলম খানসহ বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা।

এর আগে, গত ১৩ অক্টোবর তুহিন হত্যা মামলায় নিম্ন আদালতে চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও সাবেক মেয়র আইভীর পুনরায় জামিনের জন্য দিন ধার্য ছিল। শুনানিকালে তাঁর আইনজীবী পুনরায় জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

শুনানি শেষে বের হয়ে গাড়িতে ওঠার সময় নেতাকর্মীদের বেষ্টনীতে ছিলেন আইভী। তখন তিনি স্লোগান ধরেন। বলেন, ‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না, জয় বাংলা।’ এ স্লোগান দিয়েই তিনি গাড়িতে ওঠেন। তখন নেতাকর্মীরাও ‘জয় বাংলা’ স্লোগান দেন। এদিকে, ওই রাতেই আইভীর আইনজীবী অ্যাডভোকেট জিয়াউল হক কাজলসহ তিনজনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সর্বশেষ সর্বাধিক পঠিত