সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া বাংলাদেশি হজযাত্রীদের আবাসন, খাবার, পরিবহন ও মাশায়ের অঞ্চলে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সৌদি আরবের সেবাদাতা প্রতিষ্ঠান আল-বাইত গেস্টস কোম্পানির (Al-Bait Guests) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
সৌদি আরবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার এমপি এবং আল-বাইত গেস্টসের প্রতিনিধিরা। এ ছাড়া উপস্থিত ছিলেন ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, কাউন্সেলর (হজ) মোহাম্মদ কামরুল ইসলাম, কনসাল (হজ) এবং ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চুক্তির আওতায় মক্কা ও মদিনায় হজযাত্রীদের আবাসন, মানসম্মত খাবার, অভ্যন্তরীণ পরিবহন এবং মিনা, আরাফাত ও মুজদালিফায় প্রয়োজনীয় সরবরাহ ও ব্যবস্থাপনাসেবা সমন্বিতভাবে নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে হজের গুরুত্বপূর্ণ দিনগুলোতে তাঁবু, খাবার ও যাতায়াতসেবার মান বজায় রাখা এবং সার্বিক ব্যবস্থাপনায় সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া আধুনিক প্রযুক্তিনির্ভর তদারকি ব্যবস্থার মাধ্যমে লাগেজ ব্যবস্থাপনা, তাঁবু এবং সংশ্লিষ্ট সেবার কার্যক্রম পর্যবেক্ষণের পরিকল্পনা রয়েছে। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের সেবার মান উন্নয়ন, দায়িত্বশীলতা নিশ্চিত করা এবং সেবা গ্রহণ সহজ করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
সরকারি হজযাত্রীদের বাড়িভাড়া-সংক্রান্ত প্রতিনিধি দলের প্রধান ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার আশা প্রকাশ করেন, অতীতের ধারাবাহিকতায় ২০২৭ সালের হজ ব্যবস্থাপনাতেও আল-বাইত গেস্টস হজযাত্রীদের সুষ্ঠু, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও স্বাস্থ্যসম্মত সেবা নিশ্চিত করবে। উন্নত হজ ব্যবস্থাপনার মাধ্যমে সৌদি সরকারের অঙ্গীকার বাস্তবায়নেও প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।