আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু, আহত স্বামী

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পিএম

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসী প্রকৌশলী স্বরূপ কান্তি বিশ্বাসের স্ত্রী অসীমা চৌধুরী ও তাঁদের ১৫ বছর বয়সী একমাত্র ছেলে অরিত্র বিশ্বাস নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত স্বরূপ বিশ্বাস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের বরাত দিয়ে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

সোমবার (১২ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাত আল- আইন রোডের আল ওয়াতবা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। পরিবার নিয়ে একটি সামাজিক অনুষ্ঠানে যাওয়ার পথে স্বরূপ বিশ্বাসের চালানো গাড়িটিকে পেছন থেকে দ্রুতগতির আরেকটি গাড়ি ধাক্কা দেয়। এতে তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে আছড়ে পড়ে। ঘটনাস্থলেই অসীমা ও অরিত্রর মৃত্যু হয়। 

নিহতদের মরদেহ আবুধাবির বানিয়াস এলাকার কেন্দ্রীয় মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের বিষয়ে যোগাযোগ করছেন স্বজন ও কমিউনিটির নেতারা।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা স্বরূপ বিশ্বাস আবুধাবির বাঙালি কমিউনিটিতে পরিচিত মুখ। তাঁর স্ত্রী অসীমা চৌধুরীর পৈতৃক নিবাস চট্টগ্রামের রাউজানে। তাঁদের আরেকটি কন্যাসন্তান রয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত