বউ-শাশুড়ির ঝগড়ায় বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক, অতঃপর উদ্ধার 

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০০ এএম

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন মো. জাহাঙ্গীর আলম (২৩) নামের এক যুবক। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতায় তাকে উদ্ধার করা হয়। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া জাহাঙ্গীর আলম বাঁশখালীর সরল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব কাহারঘোনা এলাকার আব্দুর রশিদ ও ছেনু আরা বেগমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বউ-শাশুড়ির মধ্যে ঝগড়ার ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীর বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন। এ সময় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধারে তৎপরতা শুরু করেন। একপর্যায়ে তাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

ঘটনার বিষয়ে জাহাঙ্গীর আলম দাবি করেন, তিনি বিদ্যুতের কাজ করেন। তাঁর অভিযোগ, উপার্জিত ও জমানো টাকা-পয়সা না দিয়ে তাকে মারধর করা হয়েছে। এমনকি তার বুকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টাও করা হয়েছে বলে দাবি করেন তিনি। এ পরিস্থিতিতে বাধ্য হয়ে তিনি বিদ্যুতের খুঁটিতে উঠে যান বলে উপস্থিত লোকজন ও ফায়ার সার্ভিস কর্মকর্তাদের জানান।

এদিকে, উদ্ধার অভিযানের পর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত লোকজনকে এ ধরনের বিপজ্জনক কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান। তারা সতর্ক করে বলেন, এমন কাজ যেন কেউ না করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত