সেগুনবাগিচায় দেয়ালে রোকেয়া, জসীমউদ্দীন জীবনানন্দের প্রতিকৃতি

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ এএম

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রোকেয়া সাখাওয়াত হোসেন, কবি জীবনানন্দ দাশ ও পল্লীকবি জসীমউদ্দীনের প্রতিকৃতিও আঁকা হয়েছে।

গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে পুলিশ পাহারায় প্রতিকৃতি স্থাপনের এ কাজ করা হয় বলে জানা গেছে। গতকাল বিকেলে ঘটনাস্থলে গিয়ে কথা হয় প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তির সঙ্গে। এর মধ্যে একজন ভ্যানচালক মুক্তার হোসেন। তিনি প্রতিদিন রাতে শিল্পকলা একাডেমির দেয়ালের পাশে ভ্যান রাখেন। সেখানেই ঘুমান। তিনি দেশ রূপান্তরকে বলেন, রাত ২টার দিকে পুলিশ পাহারায় সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে বেগম রোকেয়ার প্রতিকৃতি স্থাপন করা হয়। একই সময়ে জীবনানন্দ দাশ ও জসীমউদ্দীনের প্রতিকৃতিও আঁকা হয়। 

এদিকে দেয়াল থেকে  শিল্পী, লেখক ও সাংবাদিক সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরানোর ঘটনায় সংস্কৃতি অঙ্গনের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। সংগীতশিল্পী বাপ্পা মজুমদার বলেন, ‘সঞ্জীব চৌধুরীর ছবি মুছে ফেলা হয়েছে শুনে আমি স্তম্ভিত ও আহত। বেগম রোকেয়ার ছবি অবশ্যই থাকতে পারে, এতে কোনো আপত্তি নেই। কিন্তু সে জন্য সঞ্জীব চৌধুরীর ছবি মুছে ফেলতে হবে কেন? আমার প্রশ্ন এখানেই। বিষয়টি আমি মেনে নিতে পারছি না।’

নতুন তিন প্রতিকৃতি নিয়ে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মাহবুবুর রহমান তালুকদার দেশ রূপান্তরকে বলেন, ‘সমসাময়িক শিল্পীদের প্রতিকৃতি একই স্থানে উপস্থাপনের পরিকল্পনা থেকেই শিল্পকলার সামনের গ্রাফিতি থেকে সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরানো হয়েছে। তাকে উপেক্ষা করা হয়নি; বরং নতুন প্রজন্মের শিল্পীদের জন্য নির্ধারিত অন্য কোনো স্থানে তার প্রতিকৃতি স্থাপনের পরিকল্পনা রয়েছে।’ তিনি আরও বলেন, ‘আইয়ুব বাচ্চু ও আজম খানের মতো শিল্পীদেরও আমরা সেখানে রাখিনি। তাদের অবদানও কম নয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রবীণ ও বরেণ্য শিল্পীদের এক জায়গায় এবং এই প্রজন্মের গুণী শিল্পীদের অন্য জায়গায় তুলে ধরব। এতে একই সময়ের শিল্পীদের একসঙ্গে পরিচিত করার সুযোগ তৈরি হবে।’

মাহবুবুর রহমান তালুকদার বলেন, পলাশী মোড়, আজিমপুর, নিউমার্কেট ও ঢাকা কলেজ এলাকায় গ্রাফিতি করার পরিকল্পনা রয়েছে। আগামী এক মাসের মধ্যে এসব উদ্যোগের বাস্তবায়ন দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে গত ৫ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সেগুনবাগিচায় ফুটপাত দখলমুক্ত করার পর সংলগ্ন দেয়ালে দেশের সংস্কৃতি ও শিল্পকলায় অবদান রাখা ১০ বরেণ্য ব্যক্তির প্রতিকৃতি আঁকে। তাদের মধ্যে ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও চলচ্চিত্রকার সত্যজিৎ রায়।

গত ১১ অক্টোবর ওই দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি মাখিয়ে বিকৃত করার চেষ্টা করেন কয়েকজন ব্যক্তি। এ ঘটনার প্রতিবাদে একই দিন বিকেলে শিল্পকলা একাডেমির পাদদেশে ‘যে কবি জনতা’র শিরোনামে সাংস্কৃতিক সমাবেশ করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সমাবেশ থেকে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করা হয়।

গত ১০ অক্টোবর দুপুরে শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি মাখিয়ে মুছে ফেলার চেষ্টা করেন কয়েকজন ব্যক্তি। তাদের নেতৃত্বে ছিলেন ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্য সচিব আ ন ম আয়াস। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আয়াসসহ চারজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়। এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ইতিমধ্যে তাদের রিমান্ডে নেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত