প্রখ্যাত সুরসাধক বশির আহমেদকে মরণোত্তর সম্মাননা

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ এএম

প্রখ্যাত সংগীতশিল্পী বশির আহমেদকে এ বছর মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত করায় তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে সাংবাদিকদের একটি সংগঠন। এই প্রাপ্তিকে স্মরণীয় করে রাখতে আগামী ৮ নভেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাকে বিশেষ মরণোত্তর সম্মাননায় ভূষিত করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পীর দুই সন্তান হোমায়রা বশির ও রাজা বশির।

রাষ্ট্রীয় এই সর্বোচ্চ সম্মাননায় আবেগাপ্লুত পরিবারটি রাষ্ট্রের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। হোমায়রা ও রাজা বশির জানান, বাবা শারীরিকভবে অনুপস্থিত থাকলেও তার সৃষ্টি ও সুরের অমলিন ছায়াই তাদের পথচলার প্রধান অনুপ্রেরণা। একই সঙ্গে নিজেদের মৌলিক গানের কাজ এগিয়ে নেওয়ার কথাও জানান তারা।

১৯৩৯ সালের ১৯ নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করা এই অমর সুরসাধক শাস্ত্রীয় সংগীতে ওস্তাদ বেলায়েত হোসেন ও ওস্তাদ বড় গোলাম আলী খাঁর মতো সংগীতশিল্পীদের নিকট তালিম নেন। ‘অনেক সাধের ময়না আমার’, ‘আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো’, ‘যারে যাবি যদি যা’, ‘ডেকোনা আমারে তুমি কাছে ডেকো না’র মতো অসংখ্য কালজয়ী গান দিয়ে তিনি এ দেশের সংগীতাঙ্গন ও চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন। ২০১৪ সালের ১৯ এপ্রিল এই কিংবদন্তি শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত