মায়ের আত্মত্যাগই আমাকে এই অবস্থানে নিয়ে এসেছে

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ এএম

ধারাবাহিক নাটকে নাম লিখিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ফারিন খান।

তানভীর তন্ময় পরিচালিত ‘প্রথম প্রেমের গল্প’ নাটকের মধ্য দিয়ে নতুন এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। অভিনয় জীবন এবং নতুন কাজ নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন তারেক আনন্দ

এবারই প্রথম ধারাবাহিক নাটকে কাজ করলেন। অভিজ্ঞতা কেমন?

এটি আমার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক। গল্পে আমার চরিত্রের গুরুত্ব এবং গভীরতা পছন্দ হয়েছিল বলেই কাজটি করতে রাজি হয়েছি। এরই মধ্যে প্রথম ১০ পর্বের নির্মাণকাজ শেষ হয়েছে, সামনে নতুন লটের দৃশ্যধারণ শুরু হবে। সবমিলিয়ে দারুণ অভিজ্ঞতা ছিল।

দর্শকের কাছ থেকে কেমন সাড়া পেলেন?

প্রথম পর্বেই দর্শকদের প্রতিক্রিয়া যতটা পেয়েছি, সত্যিই দারুণ। নাটকটির ভিউ সংখ্যা আশাব্যঞ্জক, এই সময়ে কাজের গ্রহণযোগ্যতা মাপার ক্ষেত্রে এটি একটি বড় বিষয়। আমি প্রযোজনা প্রতিষ্ঠান নাফ এন্টারটেইনমেন্ট, নিলয় আলমগীর ভাই এবং পুরো টিমকে ধন্যবাদ জানাই।

এই নাটকে আপনার চরিত্রটি কেমন এবং সহশিল্পীদের সঙ্গে কাজের রসায়ন কেমন ছিল?

নাটকটির প্রথম পর্বের প্রথম দৃশ্যেই এক রহস্যময় হাসিতে পর্দায় উপস্থিত হয়ে দর্শককে চমকে দিয়েছি। গল্প এগোলে আমার চরিত্রটি আরও স্পষ্টভাবে উন্মোচিত হবে। এতে আমার পাশাপাশি আরও রয়েছেন নিলয় আলমগীর, জান্নাতুল ফেরদৌস হিমি, জাহিদ হোসেন শোভন ও ফারজানা চুমকি। সবার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা চমৎকার।

১২ অক্টোবর ছিল আপনার জন্মদিন। ব্যক্তিগত জীবনের বিশেষ কোনো স্মৃতি বা অনুভূতির কথা কি বলবেন?

জন্মদিনে শুভাকাক্সক্ষী ও বিনোদন অঙ্গনের বন্ধুদের ভালোবাসায় সিক্ত হয়েছি। তবে এই বিশেষ দিনে বারবার মায়ের কথা মনে পড়ে। গর্ভে থাকার সাত মাসের মাথায় আমি পিতাহারা হই। এরপর থেকে আমার মা একা হাতে সংগ্রাম করে আমাকে বড় করেছেন। সাধারণ রাজকীয় আবহে বড় হওয়ার সুযোগ আমার হয়নি। মায়ের আত্মত্যাগই আজ আমাকে এই অবস্থানে নিয়ে এসেছে।

আপনার কাজের পরিধি এখন ধারাবাহিক নাটকেও বিস্তৃত হলো। সামনের পরিকল্পনা কী?

আমার ঝুলিতে রয়েছে ‘প্রিয় ঠিকানা’, ‘মনের মাঝে তুমি’, ‘লাভ বাজ’, ‘সুইচ’ ও ‘লাভ ইউ টিচার’-এর মতো বেশ কিছু জনপ্রিয় একক নাটক। অভিনয় জীবনের শুরুতে আমি ‘ধ্যাৎতেরিকি’ সিনেমায় কাজ করেছিলাম। ধারাবাহিকেও দর্শকের ভালোবাসায় কাজ চালিয়ে যেতে চাই।

চলচ্চিত্র নিয়ে আপনার স্বপ্নের কথা জানতে চাই।

শিগগির সিনেমা করব। সেটা এ বছরও হতে পারে। না হলে আগামী বছর। সিনেমা দিয়ে শুরু, সিনেমা দিয়েই মরব ইনশাল্লাহ।

সর্বশেষ সর্বাধিক পঠিত