রোগবালাই থেকে সুরক্ষিত থাকতে নিয়মিত ও সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার অনুরোধ জানিয়েছেন শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ‘আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবসে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এই অনুরোধ জানান।
সভায় তিনি বলেন, আমরা প্রতিদিন নানা কাজে হাত ব্যবহার করি। হাতের মাধ্যমে অসংখ্য জীবাণু শরীরে প্রবেশ করতে পারে। তাই রোগবালাই থেকে সুরক্ষিত থাকতে নিয়মিত ও সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এবিষয়ে সবাইকে সচেতন করতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসের গুরুত্ব অপরিসীম।
ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য হাত পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। এ বিষয়ে শিশু-কিশোরসহ সব শ্রেণি-পেশার মানুষকে সচেতন হতে হবে বলে তাগিদ ইউএনও জাহাঙ্গীর আলম।
ইউএনও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজনৈতিক নেতারা, প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে নকলা পৌরসভার আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। অনুষ্ঠিত শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।