স্থানীয় সরকার বিভাগের সব ধরনের দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত

এ ছাড়া নতুন বিধিমালা প্রণয়ন ও রেট শিডিউল প্রকাশের সম্ভাব্য সময়সীমাও নির্দেশনায় উল্লেখ করা হয়নি। ফলে এ স্থগিতাদেশ কত দিন বহাল থাকবে এবং বর্তমানে চলমান দরপত্র বা ক্রয়প্রক্রিয়ার বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা এখনো স্পষ্ট নয়।

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পিএম

সরকারি ক্রয়সংক্রান্ত সংশোধিত অধ্যাদেশের আওতায় নতুন বিধিমালা প্রণয়ন ও রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সব ধরনের কাজ, সেবা ও পণ্য সরবরাহের দরপত্র এবং ক্রয়প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ নির্দেশনা জারি করা হয়। বিভাগের সিনিয়র সহকারী সচিব এ বি এম আরিফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন শেষ না হওয়া এবং নতুন রেট শিডিউল প্রকাশিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সব কাজ, সেবা ও পণ্য সরবরাহের দরপত্র আহ্বান ও ক্রয়সংক্রান্ত কার্যক্রম স্থগিত রাখতে হবে। এ নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

নির্দেশনার অনুলিপি সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌরসভার প্রশাসক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা পরিষদের প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকেও বিষয়টি অবহিত করা হয়েছে।

এ নির্দেশনার ফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আওতায় নতুন উন্নয়নকাজের দরপত্র আহ্বান, বিভিন্ন সেবা গ্রহণ এবং পণ্য কেনার নতুন ক্রয়প্রক্রিয়া আপাতত বন্ধ থাকবে। তবে আগে কার্যাদেশ দেওয়া প্রকল্প বা ইতিমধ্যে বাস্তবায়নাধীন কাজের বিষয়ে চিঠিতে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

এ ছাড়া নতুন বিধিমালা প্রণয়ন ও রেট শিডিউল প্রকাশের সম্ভাব্য সময়সীমাও নির্দেশনায় উল্লেখ করা হয়নি। ফলে এ স্থগিতাদেশ কত দিন বহাল থাকবে এবং বর্তমানে চলমান দরপত্র বা ক্রয়প্রক্রিয়ার বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা এখনো স্পষ্ট নয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত