সুনামগঞ্জ সদর হাসপাতালের জনবল ও ওষুধের সংকটসহ কারিগরি সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আলী আশরাফ সোহাগ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মিনি কনফারেন্স কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।
সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আলী আশরাফ সোহাগ। সঞ্চালনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম। হাসপাতালের মাসিক কার্যক্রম ও সেবার চিত্র তুলে ধরেন ডা. নিশাত তাসনীম।
তত্ত্বাবধায়ক বলেন, বর্তমানে হাসপাতালের যেসব সংকট রয়েছে, সেগুলো দ্রুত কেটে যাবে বলে তিনি আশাবাদী। জনবল ও ওষুধের ঘাটতি এবং কারিগরি সমস্যা নিরসনে কাজ চলছে। রোগীদের উন্নত সেবা নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য।
তিনি হাসপাতালের সেবার মান উন্নয়নে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন।
সভায় ডা. বিষ্ণু প্রসাদ চন্দ, ডা. জওহর লাল শিপলুসহ হাসপাতালের কর্মকর্তা এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।