নেত্রকোনায় সড়কের পাশের বাঁশঝাড় থেকে হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো অবস্থায় রোকন মিয়া (৪০) নামের এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের কান্দুলিয়া এলাকার নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের পাশের একটি বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রোকন মিয়া নেত্রকোনা সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের মৃত হোসেন আলীর ছেলে। তিনি একই উপজেলার মৌগাতি ইউনিয়নে বিয়ে করেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সড়কে চলাচলকারী একটি ভ্যানের চালক সড়কের পাশে ভ্যান রেখে ঝোপের ভেতরে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান। এ সময় তিনি বাঁশঝাড়ের ভেতরে হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। এ দৃশ্য দেখে ভয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে তাঁরা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কান্তি সরকার ও নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের জানান, পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, রোকন ভাড়ায় অটোরিকশা চালাতেন। বুধবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। বৃহস্পতিবার মরদেহ উদ্ধারের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে এসে পরিচয় শনাক্ত করেন।
ওসি আরও জানান, রোকন কোন মালিকের অটোরিকশা চালাতেন, তা খোঁজ নেওয়া হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।