জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, হিন্দু সম্প্রদায়ের মানুষকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, দেশে যুগ যুগ ধরে হিন্দু-মুসলমানের মধ্যে কোনো বিভেদ বা বৈষম্য ছিল না। পূজা ও ঈদের সময় দুই সম্প্রদায়ের মানুষ দলবেঁধে একে অপরের বাড়িতে যেতেন। উভয় ধর্মীয় উৎসবই সবার কাছে আনন্দের ছিল। তবে বিগত ১৭ বছর মানুষ সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।
দুলু বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উনারা আমাদের ভোট দিয়েছেন, উনাদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে’। এটি প্রধানমন্ত্রীর নির্দেশ।
হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তার আশ্বাস দিয়ে তিনি বলেন, আপনাদের আমি নিজেই পাহারা দেব। কেউ উল্টাপাল্টা কিছু বললে আমাকে টেলিফোন করবেন, আমি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব। আমি আগেও বলেছি, এখনও বলছি, যত দিন বেঁচে আছি, আমার হিন্দু ভাই-বোনেরা বুক উঁচু করে চলবেন। কেউ বাঁকা চোখে তাকালে বা হুমকি-ধমকি দিলে তাদের বিষদাঁত ভেঙে দেব।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে নাটোর সদর উপজেলার ৮২টি এবং নলডাঙ্গা উপজেলার ৫৯টি মন্দিরে ছয়শ কেজি করে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব প্রমুখ।
এদিকে বৃহস্পতিবার বিকেলে নাটোর সদরের তেবাড়িয়ায় নারদ নদের ভরাট হয়ে যাওয়া অংশ পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
এ সময় তিনি বলেন, নাটোরের সৌন্দর্য বর্ধনে নারদ নদ পুনঃখনন ও ওয়াকওয়ে নির্মাণ করা হবে। প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে নাটোরের সৌন্দর্য বর্ধন এবং পরিবেশ ও প্রকৃতি রক্ষায় নারদ নদের প্রায় ৪৩ কিলোমিটার অংশ পুনঃখনন ও ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ নির্মাণের পর নাটোর অঞ্চলের বিভিন্ন নদ-নদীতে পানির প্রবাহ বাড়বে। নদীগুলো সচল হলে এ অঞ্চলের মানুষ সেচকাজসহ বিভিন্ন প্রয়োজনে নদীর পানি ব্যবহার করতে পারবেন।
তিনি আরও বলেন, আগের সরকার অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করে নদীগুলোকে ব্যবসাপ্রতিষ্ঠানে পরিণত করেছিল। এখন বিশেষজ্ঞদের পরামর্শে পরিকল্পিতভাবে বালু উত্তোলনের বিষয়ে কাজ চলছে, যাতে নদী থেকে বালু উত্তোলনের কারণে ভাঙনের সৃষ্টি না হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।