শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে দিনাজপুরের পার্বতীপুরে আইনশৃঙ্খলা রক্ষা ও পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা হলরুমে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ। এতে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক (টিআই) রুবেল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার ভিডিপি দলনেতা-দলনেত্রী এবং আনসার সেকশন কমান্ডার ও সহকারী সেকশন কমান্ডাররা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আরাফাত আমান আজিজ বলেন, পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে সবাইকে সতর্ক থাকতে হবে। আজানের সময় উচ্চস্বরে গান ও বাদ্যযন্ত্র বাজানো বন্ধ রাখতে হবে। শারদীয় দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যদের শিফট অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে, যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাঁদের ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন। দায়িত্ব পালনে সবাইকে সতর্ক, আন্তরিক ও সজাগ থাকতে হবে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের লক্ষণ দেখা গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।
উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষিকা (টিআই) দিপ্তি অধিকারী জানান, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি জানান, উপজেলার ১৫০টি পূজামণ্ডপে ৯৮৪ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন করা হয়েছে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে সেকশন কমান্ডারসহ আটজন করে এবং কম গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে সহকারী সেকশন কমান্ডারসহ ছয়জন করে পুরুষ আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।