গোপালগঞ্জ সদরের ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় ফারহান মোল্যা নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার বলাকইড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারহান মোল্যা (৩) উপজেলার করপাড়া গ্রামের খাইরুল মোল্যার ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমিনুল রহমান জানান, বিকেলে শিশু ফারহানকে সঙ্গে নিয়ে বাজার করতে বলাকইড় বাজারে যান মা। এসময় ওই শিশু মায়ের হাত ছেড়ে সড়কের ওপর দৌঁড় দিলে দ্রুতগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে সে মারাত্মক আহত হয়। পরে আশপাশের লোকজন শিশু ফারহানকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।