কুমিল্লা মহানগরী জামায়াতের সংগঠন ও ইমারাত ভেঙে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত ১৪ অক্টোবর কুমিল্লা মহানগরী জামায়াতের কার্যালয়ে সংঘটিত ঘটনা ও উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। এতে নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, জামায়াতের গঠনতন্ত্রের ১৬ ধারার ৩ উপধারার ‘চ’ অনুচ্ছেদ অনুসরণ করে ৬৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে কুমিল্লা মহানগরীর সংগঠন ও ইমারাত ভেঙে দেওয়া হয়েছে। এখন থেকে কেন্দ্রের তত্ত্বাবধানে মহানগরীর সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। এ দায়িত্ব পালন করবেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
এদিকে, ১৪ অক্টোবরের ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। কমিটির সদস্যরা হলেন জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।
কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে দলটির আমিরের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।