ফরিদপুরে সাংবাদিক লিয়াকত হোসেন স্মরণসভা

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পিএম

ফরিদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক লিয়াকত হোসেন স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‘সাংবাদিক লিয়াকত হোসেন স্মরণে আমাদের শ্রদ্ধা’ শীর্ষক এ আয়োজনে তার জীবন, কর্ম ও সাংবাদিকতায় অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনায় অংশ নেন অতিথিরা।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় ফরিদপুর প্রেসক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ফরিদপুর প্রেসক্লাব। ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক বদিউজ্জামান চৌধুরী।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, অধ্যাপক এবিএম সাত্তার, বিশিষ্ট শিক্ষাবিদ শেখ আব্দুস সামাদ, অধ্যাপক মো. শাহজাহান, সাংবাদিক পান্নাবালা, লিয়াকত হোসেনের ছেলে সাংবাদিক সাজ্জাদ হোসেন রনি, সাব্বির হোসেন মুন, ফরিদপুর পৌরসভার ২ন; নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনিসুর রহমান সাবুল এবং ব্লাস্টের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক মফিজ ইমাম মিলন, বিলকিস বানু, খুশি খন্দকার, রুবিয়া মিল্লাত, শাহনাজ বেগম লিপি, ফরিদা বেগমসহ ফরিদপুর প্রেসক্লাবের সদস্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিক লিয়াকত হোসেন ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও আদর্শ সাংবাদিক। তিনি সাংবাদিকতাকে শুধু পেশা হিসেবে নয়, বরং সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর মহান দায়িত্ব হিসেবে গ্রহণ করেছিলেন। তাঁর সততা, পেশাদারিত্ব ও নীতিনিষ্ঠ সাংবাদিকতা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, ফরিদপুর প্রেসক্লাব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ফরিদপুর মুসলিম মিশন প্রতিষ্ঠার উদ্যোগেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন লিয়াকত হোসেন। সাংবাদিকতা ও সমাজসেবায় তাঁর অবদান ফরিদপুরের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তাঁরা বলেন, বর্তমান প্রজন্মের সাংবাদিকদের মরহুম লিয়াকত হোসেনের জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে সত্যনিষ্ঠ সাংবাদিকতা চর্চা করতে হবে। পাশাপাশি মানুষের অধিকার প্রতিষ্ঠা, সত্য প্রকাশ এবং সমাজের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে তাঁর আদর্শকে ধারণ করতে হবে। 

আলোচনা সভা শেষে মরহুম সাংবাদিক লিয়াকত হোসেনের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফরিদপুর প্রেসক্লাবের সহসভাপতি আশরাফুজ্জামান দুলাল। এতে সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।



সর্বশেষ সর্বাধিক পঠিত