আন্তর্জাতিক পর্যায়ে পর্যটন খাতে বিনিয়োগ, আকাশপথে যোগাযোগ বৃদ্ধি এবং টেকসই পর্যটন উন্নয়নে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।
গত ১৩ অক্টোবর মন্টেনিগ্রোর রাজধানী পডগোরিৎসায় অনুষ্ঠিত একটি উচ্চপর্যায়ের পর্যটন বিনিয়োগ ফোরামে প্যানেল আলোচক হিসেবে অংশ নেন তিনি। আলোচনায় মন্টেনিগ্রো, মাল্টা, বুলগেরিয়া, মালদ্বীপ, আলবেনিয়া, সাইপ্রাস ও মালয়েশিয়ার মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে অংশ নিয়ে বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনা ও বিনিয়োগের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি।
মন্টেনিগ্রো সরকার ও জাতিসংঘের পর্যটনবিষয়ক সংস্থা ইউএন ট্যুরিজমের যৌথ উদ্যোগে আয়োজিত এই ফোরামে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের পর্যটনমন্ত্রী, নীতিনির্ধারক ও খাতসংশ্লিষ্ট নেতারা অংশ নেন। ফোরামের আলোচনায় পর্যটন খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলা, ভ্রমণ সহজীকরণ, আকাশপথে যোগাযোগ সম্প্রসারণ, টেকসই প্রবৃদ্ধি, বিনিয়োগ ও অংশীদারত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।
ফোরামের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন মন্টেনিগ্রোর পর্যটনমন্ত্রী সিমোনিদা কোরদিচ, ইউএন ট্যুরিজমের মহাসচিব শাইখা আল নুওয়াইস, মালদ্বীপের ড. আবদুল্লা নিয়াজ এবং ফিলিপাইনের ডাকিলা এফ. গনজালেস।
আলোচনা শেষে গৃহীত হয় ‘পডগোরিৎসা ঘোষণা’ (পডগোরিৎসা ডেক্লারেইশন), যা ফোরামের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হয়েছে।
বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা এবং বৈশ্বিক অংশীদারদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ হিসেবে এই ফোরামে অংশগ্রহণকে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন বাংলাদেশ টুরিজম বোর্ডের সিইও ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।