ব্র্যাক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার, ঘরে মিলল চিরকুট

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩২ এএম

ফরিদপুরের বোয়ালমারীতে অলিভ বিশ্বাস (৩৮) নামে ব্র্যাকের এক হিসাবরক্ষণ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ময়েনদিয়া বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত অলিভ বিশ্বাস মাগুরার শালিখা উপজেলার সোনাডাঙ্গা গ্রামের মিলন বিশ্বাসের ছেলে। তিনি বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা শাখায় ব্র্যাকের হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়েনদিয়া বাজার এলাকায় শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যাপক স্বপন কুমার সাহার বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অলিভ বিশ^াসের রুমমেট আমরেন্দ্র ম-ল গত শুক্রবার সাপ্তাহিক ছুটিতে বাড়িতে যান। গতকাল শনিবার সকাল ৮টার দিকে ফিরে এসে তিনি ঘরের দরজা-জানালা বন্ধ দেখতে পান। অলিভকে বারবার ফোন করেও সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডাকেন। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে অলিভের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে বোয়ালমারী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় কক্ষ থেকে অলিভের হাতের লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটে তিনি নিজের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে অনলাইন গেমের কথা উল্লেখ করেন। পাশাপাশি বোনের কাছে ক্ষমা চান এবং বাবা-মায়ের কথা মনে পড়ার কথাও লেখেন।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত