বিমানমন্ত্রী বললেন

এ দেশে আওয়ামী লীগের পুনরুত্থান আর হবে না

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ এএম

বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দল ১৭ বছর টানা ক্ষমতায় এসে আমাদের সবার অধিকারকে হরণ করে ফেলেছিল। বাংলাদেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়েছিল। আমরা যদি নির্বাচন করার সুযোগ না পেতাম, তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকত না। সিকিমে পরিণত হতো। তবে আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। এদেশে আর আওয়ামী লীগের কোনো অবস্থাতেই পুনারুত্থান হবে না। কোনোভাবেই সম্ভাবনা নেই। এই যে, ৩১ ডিসেম্বরে বা ডিসেম্বরের মধ্যে উঁকি দিচ্ছি বা আসছি, এগুলো সব হাস্যকর কথা। পৃথিবীর কোনো ইতিহাসে গণঅভ্যুত্থানের মাধ্যমে বিদায় নেওয়া সরকার, আবার পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার নজির নেই।

বিমানমন্ত্রী আরও বলেন, কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই বাংলাদেশের। আজ বিদ্যুৎ-গ্যাসের যে সংকট, এগুলোর কোনো ভবিষ্যৎ পরিকল্পনা ছিল না। কোনো একটা গ্যাস কূপ বিগত সরকার খনন করেনি, যে ভবিষ্যতে গ্যাস তুলবে। এজন্যই এখন গ্যাসের সমস্যা হচ্ছে। গতকাল শনিবার দুপুরের দিকে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে সংসদ সদস্যদের সম্মাননা ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা পরিষদ আয়োজিত স্থানীয় সংসদ সদস্যদের সম্মাননা ও বিভিন্ন মাদ্রাসা, মসজিদের চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক। এ সময় আরও বক্তব্য দেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি প্রমুখ। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী ও পুলিশ সুপার ফারজানা ইয়াছমিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৫৭১টি মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে ১ কোটি ৫৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।       

সর্বশেষ সর্বাধিক পঠিত