সড়কে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ এএম

কুড়িগ্রামে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় বৃষ্টি খাতুন নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।

গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে রৌমারীর যাদুরচর ইউনিয়নের সায়েদাবাদ বাজারের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান।

নিহত একই পরিবারের তিনজন হলেন রৌমারীর চর শৌলমারী ইউনিয়নের চতলাকান্দা এলাকার প্রভাষক শহিদুল ইসলামের স্ত্রী লিপি বেগম (২৬), ছেলে রিশাদ মিয়া (১২) ও মেয়ে তুবা (৭)। এ ঘটনায় যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজার এলাকার বাদল মিয়ার স্ত্রী শরিফা বেগম (৪২) নিহত হয়েছেন। আহত হয়েছেন তার মেয়ে বৃষ্টি (২৫), তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমান জানান, কাউনিয়ারচর এলাকা থেকে পাঁচ যাত্রী নিয়ে অটোরিকশাটি কর্তীমারীর দিকে যাচ্ছিল। পথে সায়েদাবাদ বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। স্থানীয়রা হতাহতদের উদ্ধারে এগিয়ে আসেন। ঘটনাস্থলেই চালকসহ তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অন্যদের হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে পথে আরও দুজন মারা যান। একই পরিবারের তিনজনের মৃত্যুর খবরে স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হয়।

রৌমারী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার নাহিদ হাসান শুভ বলেন, ৯৯৯-এ  ফোন পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল হতাহতদের উদ্ধার করে। রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা চিকিৎসক মোহাম্মদ নবীউল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় একজনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রৌমারী থানার ওসি কাউসার আলী বলেন, নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। অটোরিকশাচালকের পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত