দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবং হাম উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ডেঙ্গুতে সাতজন এবং হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চলতি মাসের ১৭ দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩০ হাজার ৬৯২ জন, এদের মধ্যে মৃত্যু হয়েছে ৯৭ জনের।
ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১০ হাজার ৩১২ জন। যাদের মধ্যে মারা গেছে ৩৪২ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮৭২ জন। ২৪ ঘণ্টায় মৃত সাতজনের ঢাকা বিভাগে তিন জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় হাসপাতালে দুজন, ঢাকা দক্ষিণ সিটি ও ময়মনসিংহে একজন করে মারা গেছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৯৯১ জন। চলতি বছরে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪ হাজার ১৯৯ জন।
অন্যদিকে হামবিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত তিনজনের সিলেট একজন এবং চট্টগ্রাম দুজন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫০ জন, যাদের মধ্যে হাম শনাক্ত হয়েছে ৮৫ জনের। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৮৯। এদের মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০৪ শিশুর। বাকি ১ হাজার ৮৫ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত দেশে সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে দুই লাখ ১১ হাজার ৯৯০ জন। তাদের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৫৭ জনের। এ ছাড়া হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৪৫২ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮০ হাজার ৮৪৮ জন।