স্কলাস্টিকা কমার্স ক্লাব

ইকো বিজ ৩.০-এর টাইটেল স্পন্সর রূপায়ণ সিটি

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১২:২৭ পিএম

শিক্ষার্থীদের মধ্যে ব্যবসায়িক জ্ঞান, উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্বের দক্ষতা বিকাশের লক্ষ্যে স্কলাস্টিকা কমার্স ক্লাবের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী 'ইকো বিজ ৩.০ – ইকোনমিক্স অ্যান্ড বিজনেস সামিট' সফলভাবে শেষ হয়েছে। ১৬ ও ১৭ অক্টোবর উত্তরা স্কলাস্টিকা সিনিয়র ক্যাম্পাসে অনুষ্ঠিত এই ইভেন্টের টাইটেল স্পন্সর ছিল রূপায়ণ সিটি। খবর সংবাদ বিজ্ঞপ্তি’র।

শনিবার (১৭ অক্টোবর) আয়োজনের সমাপনী দিনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া প্রেরণাদায়ী বক্তব্যে তিনি টেকসই ব্যবসায়িক পরিকল্পনা, দূরদর্শী মানসিকতা, অধ্যবসায় ও প্রতিকূলতা মোকাবিলার গুরুত্ব তুলে ধরেন। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের দক্ষ ও যোগ্য নেতা হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি।

সম্মেলনে শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা তৈরিতে ‘ইয়ং এক্সেকিউটিভস’, ‘সার্ক ট্যাংক’, ‘বোর্ডরুম’, ‘মার্কেটিং ম্যানিয়া’ ও ‘ফিস্কাল ফ্রন্টিয়ার’-এর মতো ব্যতিক্রমী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব মাধ্যমে শিক্ষার্থীরা কৌশল প্রণয়ন, বিপণন পরিকল্পনা ও আর্থিক বিশ্লেষণের দক্ষতা প্রদর্শনের সুযোগ পায়।

অনুষ্ঠানে স্কলাস্টিকা কমার্স ক্লাবের প্রেসিডেন্ট সাফওয়ান, ভাইস প্রেসিডেন্ট শুয়াইব, ফ্যাকাল্টি অ্যাডভাইজার রেজওয়ান ও তামান্না রহমান বক্তব্য দেন। সাংস্কৃতিক পরিবেশনা, রোল-প্লে ও বিচারকদের ক্রেস্ট প্রদানের পাশাপাশি বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

রূপায়ণ সিটি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে জানায়, তরুণদের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নে পৃষ্ঠপোষকতা করতে পেরে তারা আনন্দিত। এই সামিট শিক্ষার্থীদের মাঝে নতুন সম্ভাবনা অন্বেষণ এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অবদান রাখার বিশেষ অনুপ্রেরণা জোগাবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত