আগামী বছর ৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দেশের প্রকাশনা জগতের অন্যতম বৃহৎ আয়োজন ‘অমর একুশে বইমেলা ২০২৭’। মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
রবিবার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলা আয়োজনের বিষয়ে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি।
সভায় আরও উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।
সভায় উপস্থিত প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী ৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অমর একুশে বইমেলা ২০২৭ আয়োজনের সময়সীমা নির্ধারণ করা হয়।
বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, চলতি বছর মেলা শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ১ ফেব্রুয়ারির পরিবর্তে মেলা পেছানো হয়েছিল।