নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান বলেছেন, ‘তথ্য কমিশন কোনো সরকারের বা বিশেষ ব্যক্তির জন্য নয়, জনগণের তথ্য পাওয়ার যে অধিকার সেটি নিশ্চিত করবে।’ গতকাল রবিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রসঙ্গত দুই বছরের বেশি সময় কার্যত অচল থাকার পর গত শনিবার প্রধান তথ্য কমিশনার হিসেবে নাহরিন ইসলাম খান ও দুই তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পান এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন।
গতকাল নাহরিন ইসলাম বলেন, ‘তথ্যের অধিকার নিশ্চিত করা, তথ্য কমিশনের কার্যক্রম সম্পর্কে মানুষকে জানানো এবং কমিশনে মানুষের প্রবেশাধিকার সহজ করাই হবে কমিশনের প্রাথমিক কাজ।’ তিনি বলেন, ‘গত ১৭ বছর তথ্য কমিশন থাকলেও খুব উল্লেখযোগ্য কোনো কাজ তথ্য কমিশন করতে পারেনি। ঠিক তেমনি কোনো কমিশনার নিয়োগ দেওয়া হয়নি। আমরা বিশ্বাস করি, গণতান্ত্রিক সরকারের যে তথ্য কমিশন নিয়োগ হবে, এটি একটি স্বতন্ত্র বডি হিসেবে কাজ করবে এবং জনগণের যে তথ্য পাওয়ার অধিকার, সেটি নিশ্চিত করবে।’
প্রধান তথ্য কমিশনার বলেন, ‘তথ্য কমিশন কিন্তু জনগণের জন্য। আমরা কাজ করব মানুষের জন্য, আমরা কোনো সরকার বা বিশেষ কোনো ব্যক্তির জন্য কাজ করব না। আমাদের দরজা বাংলাদেশের সব মানুষের জন্য খোলা থাকবে। যেকোনো ধরনের তথ্য পাওয়ার অধিকার, সেটা বাস্তবায়নে আমরা সবাই কাজ করব।’ তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তথ্য কমিশনের অপর দুই কমিশনারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।