রামকৃষ্ণ মিশনে রাষ্ট্রপতি

নাগরিক অধিকার লঙ্ঘিত হলে রুখে দাঁড়াতে হবে

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ এএম

সাংবিধানিক অধিকার রক্ষায় দেশের সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সচেতনভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সংবিধান প্রত্যেক ধর্মের মানুষকে যে অধিকার দিয়েছে, তা রক্ষা করতে হবে। কোনো নাগরিকের অধিকার লঙ্ঘিত হলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল দুপুরে রাজধানীর রামকৃষ্ণ মিশন পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন রাষ্ট্রপতি। খবর : বাসস।

রাষ্ট্রপতি বলেন, আমরা চাই এই দেশের সংবিধান প্রত্যেকটি ধর্মের মানুষকে যে অধিকার দিয়েছে, সেই অধিকার রক্ষা হোক। এ দেশের নাগরিকগণ যে ধর্মেরই হোন না কেন, তারা তাদের অধিকার রক্ষার জন্য অত্যন্ত সচেতনভাবে কাজ করবেন এবং কোথাও কোনো ব্যত্যয় ঘটলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি ধর্মের মানুষের মধ্যে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব আছে। এটা হাজার বছর ধরে গড়ে উঠেছে, একদিনে নয়, দুই দিনে নয়। হাজার বছর ধরে গড়ে ওঠা সেই আত্মার বন্ধন, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য আমরা যেকোনো মূল্যে রক্ষা করব। তিনি আরও বলেন, আমরা সেই বাংলাদেশ দেখতে চাই, যেখানে আমরা শান্তিতে থাকব, সুখে থাকব। যে বাংলাদেশে আমাদের ধর্মে ধর্মে কোনো বিভেদ থাকবে না। সবাই তাদের ধর্ম নিশ্চিন্তে পালন করবে।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, দুর্ভাগ্যক্রমে আমাদের কিছু মানুষ বিভিন্ন সময়ে কখনো রাজনৈতিক কারণে, কখনো ব্যক্তিগত কারণে, কখনো খারাপ উদ্দেশ্য নিয়ে এ বন্ধন ভেঙে বিভাজন সৃষ্টি করেছে, যেটা কখনোই কারও কাছে কাম্য নয়।  তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ এখন তরুণদের হাতে। তাদেরকে এমন একটা সমাজ প্রতিষ্ঠা করতে হবে, যেন সেখানে কূপম-ূকতা না আসে, কুসংস্কার না আসে, ধর্মের নামে ধর্মান্ধতা না আসে এবং কোনো ধরনের উগ্রতার সৃষ্টি না হয়।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এই দেশটা আমাদের সবার। এখানে আমরা কখনোই এমন কোনো শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেব না, যে শক্তি আমাদের সত্যকে ধ্বংস করবে, আমাদের আত্মাকে ধ্বংস করবে, আমাদের চেতনাকে ধ্বংস করবে, আমাদের কৃষ্টিকে ধ্বংস করবে। তিনি বলেন, তখনই রাষ্ট্র দুর্বল হয়ে যায়, যখন রাষ্ট্রের নাগরিকদের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত