আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে যাবেন। এই দিন সকাল ১১টায় রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ মন্দির ধর্মসভা পরিদর্শন করবেন। সেখানে তিনি সনাতন সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।
ইতোমধ্যে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরজুড়ে সাজসাজ রব পড়েছে। নগরীর বিলবোর্ডে রংপুর সিটি করপোরেশন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ, শারদীয় দুর্গোৎসব কমিটি, সাংস্কৃতিক ঐক্য পরিষদ, রংপুর জেলা ও মহানগর বিএনপি’র শুভেচ্ছা জানানো বিশাল বিশাল ব্যানার শোভা পাচ্ছে। গানে গানে সম্প্রতির রংপুরকে তুলে ধরতে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস মহানগর ও জেলা শাখা।
এ বিষয়ে ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার রংপুর ধর্মসভায় পূজামণ্ডপ দেখতে আসবেন। ব্যাটালিয়ন হেডকোয়াটার্সের পক্ষ থেকে ৪টি পেট্রোল টিম কাজ করবে। এসএসএফের সঙ্গে আমাদের সমন্বয় হয়েছে। তাদের নিরাপত্তা বলয়ের মধ্যে যে স্থানগুলো আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে, সেখানে সশস্ত্র বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়া সৈয়দপুর বিমানবন্দরে আমাদের একটি পেট্রোল টিম প্রধানমন্ত্রীর আগমন থেকে প্রস্থান পর্যন্ত অবস্থান করে নিরাপত্তা দেবে।
রংপুর জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, প্রধানমন্ত্রী রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ মন্দির ধর্মসভা পরিদর্শন করার পাশাপাশি সনাতন সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।
মহানগর বিএনপির সদস্য সচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে রংপুরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীর মাঝে। আমরাও আনন্দিত। দেশের মধ্যে এটি একটি বিরল ঘটনা ঘটতে যাচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী রাজধানীর বাইরে শারদীয় উৎসব দেখতে দেশের প্রত্যন্ত অঞ্চলে আসছেন। যা আমাদের নগরীকে আলোকিত করবে। তিনি প্রধানমন্ত্রীর সফর সফল ও নির্বিঘ্ন করতে সবার সহযোগিতা চান।
এছাড়াও রংপুর মহানগর ও জেলা বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদল, কৃষক দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, ওলামা দল, জিয়া সংসদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সফর সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।
২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী