জরুরি মুহূর্তে এক ব্যাগ রক্তের জন্য ছোটাছুটি করতে হয় স্বজনদের। তখন রোগীর রক্তের গ্রুপ জানা থাকলে রক্তদাতা খুঁজে পাওয়া সহজ হয়। এমন সচেতনতা ছড়িয়ে দিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই শতাধিক মানুষের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছেন একদল স্বেচ্ছাসেবী। তাদের হাতে রক্তের গ্রুপ নির্ণয়ের ছোট্ট টোকেন, আর লক্ষ্য—রক্তদানে মানুষকে উৎসাহিত করা।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার সরিষা ইউনিয়নের নিজ সরিষা এলাকার দু-রসুল নুরানি হাফিজিয়া মাদ্রাসায় এ ক্যাম্পেইনের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তের বন্ধনে আমাদের ঈশ্বরগঞ্জ’। এটি সংগঠনটির চতুর্থ ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ক্যাম্পেইনে সংগঠনের নয়জন স্বেচ্ছাসেবী অংশ নেন। তাদের সহযোগিতায় দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী মানুষ এ কার্যক্রমে অংশ নেন। অনেকে প্রথমবারের মতো নিজের রক্তের গ্রুপ জানতে পারেন।
ক্যাম্পেইনে দেখা যায়, স্বেচ্ছাসেবীরা গ্লাভস পরে শিশুদের রক্তের নমুনা সংগ্রহ করছেন। পরীক্ষা শেষে নির্ণয় করা রক্তের গ্রুপের তথ্য টোকেন তুলে দেওয়া হচ্ছে। শিশুরা সেই কার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে। আপাতদৃষ্টিতে ছোট্ট এই টোকেনর তথ্য ভবিষ্যতে জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজে পেতে সহায়ক হতে পারে।
রক্তের গ্রুপ জানা থাকলেই অবশ্য রক্ত পাওয়া নিশ্চিত হয় না। তবে আগে থেকে নিজের রক্তের গ্রুপ জানা থাকলে এবং স্বেচ্ছায় রক্তদানে আগ্রহী মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হলে জরুরি সময়ে প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা করা সহজ হতে পারে। এ কারণে রক্তদানের বিষয়ে সচেতনতা তৈরি এবং নতুন রক্তদাতা খুঁজে বের করাই এ ধরনের উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
সংগঠনটির দায়িত্বশীল শিহাবুল ইসলাম, সাকির মাহমুদ সিয়াম, জীবন মাহমুদ ও আকাশ মিয়াসহ জ্যেষ্ঠ স্বেচ্ছাসেবীরা ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা এবং রক্তের গ্রুপ নির্ণয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়ানোই তাঁদের লক্ষ্য। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে আরও বেশি মানুষ রক্তদানে এগিয়ে আসবেন বলে তাঁরা আশা করেন। রক্তের বন্ধনে আমাদের ঈশ্বরগঞ্জের এ উদ্যোগে উঠে এসেছে মানবিকতার সহজ এক বার্তা—নিজের রক্তের গ্রুপ জানা এবং অন্যের প্রয়োজনে রক্তদানে প্রস্তুত থাকা, দুটিই হতে পারে মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ।