কক্সবাজার ট্রাজেডি: ১০ জনের মরদেহ হিমাগারে, হচ্ছে না ময়নাতদন্ত

 ‘অবহেলাজনিত কারণে মৃত্যুর ধারায় মামলাটি লিপিবদ্ধ হয়েছে। এই ধারায় সাজা হচ্ছে কমপক্ষে ১০ বছরের কারাদন্ড।’

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পিএম

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেকের টুপটুপ রেস্টো এন্ড রিসোর্ট এর অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার হওয়া ১০ জনের মরদেহ কক্সবাজার সদর হাসাপাতাল মর্গের হিমাগারে রাখা হয়েছে। তবে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আপাতত ওই সব মরদেহের ময়নাতদন্ত না করার সিদ্ধান্ত নিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসন।

এ প্রসঙ্গে কক্সবাজার সদর হাসাপাতালের আবাসিক চিকিৎসক  ডা. সুবক্তগীন মাহমুদ সোহেল বলেন, ‘রবিবার (১৮ অক্টোবর) বিকালে আমরা মরদেহ থেকে ডিএনএর স্যাম্পল সংগ্রহ করে মামলার তদন্ত কর্মকর্তাকে দিয়েছি। কিন্তু এখনও ময়নাতদন্ত করিনি।’

তিনি আরও বলেন, ‘নিহতদের পরিবারের পক্ষ থেকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বরাবরে ময়নাতদন্ত না করা আবেদন করা হয়েছে। আর আমরা জেলা ম্যাজিষ্ট্রেটের নির্দেশনামত কাজ করছি।’

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান বলেন, ‘আমরা ৫টি মরদেহের ময়নাতদন্ত না করার আবেদন পেয়েছি। এ ছাড়া আরও কিছু আবেদন কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়েছে বলে খবর পেয়েছি। তবে আমরা এখনো নিশ্চিত নয় কোন মরদেহ কার। যারা আবেদন করছেন সেই মরদেহগুলো যে তাদের স্বজনদের তা নিশ্চিত হওয়া আগে জরুরী।  তাই ডিএনএ প্রতিবেদন না পাওয়া পর্যন্ত আর কোনো আবেদন বিবেচনায় নেব না। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে প্রতিবেদন পাওয়ার আগ পর্যন্ত ময়নাতদন্ত করা হচ্ছে না।’

উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার জানান, এটি সরাসরি হত্যা মামলা নয়। তাই এই মামলার ক্ষেত্রে ময়নাতদন্ত না হলে তেমন আইনি জটিলতা তৈরি হবে না।

অবহেলাজনিত কারণে মৃত্যুর ধারায় মামলাটি লিপিবদ্ধ হয়েছে; এই ধারায় সাজা হচ্ছে কমপক্ষে ১০ বছরের কারাদণ্ড—আরও জানান তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত