শাহজালাল বিমানবন্দরে মন্ত্রীর পরিদর্শন

লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রমে যাত্রীদের সন্তোষ প্রকাশ

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বিমানবন্দর পরিদর্শনে গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। এ সময় তিনি ব্যাগেজ বেল্ট এলাকায় অবস্থানরত যাত্রীদের যাত্রা ও লাগেজ প্রাপ্তির অভিজ্ঞতা সম্পর্কে খোঁজখবর নেন।

মতবিনিময়কালে যাত্রীরা নতুন সরকারের বিভিন্ন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেন। বিশেষ করে যাত্রীদের সুবিধার্থে চালু করা লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রমকে স্বাগত জানান তারা। এ উদ্যোগের জন্য সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন যাত্রীরা।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’। তার পরিকল্পনাগুলো ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রে বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় দুই মাস আগে যাত্রীদের জন্য লাইভ ব্যাগেজ মনিটরিং সিস্টেম চালুর পরিকল্পনা নেওয়া হয়েছিল। আজ আপনারা তার বাস্তবায়ন দেখতে পাচ্ছেন।’’

মন্ত্রী আরও বলেন, যাত্রীরা তাকে জানিয়েছেন, তারা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ পেয়েছেন। তবে এ সেবার মান ভবিষ্যতেও বজায় রাখার প্রত্যাশা জানিয়েছেন তারা। যাত্রীসেবার এ মান ধরে রাখা এবং বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমানোর বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

রিয়াদগামী ফ্লাইট স্থগিতের বিষয়ে মন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী রিয়াদে ফ্লাইট চলাচল আপাতত স্থগিত রয়েছে। সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষ ফ্লাইট পরিচালনার অনুমোদন দিলে এ রুটে পুনরায় ফ্লাইট চালু করা হবে। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প ব্যবস্থা হিসেবে দাম্মাম অথবা মদিনা রুটে কিছু যাত্রী পরিবহনের জন্য কাজ চলছে।

মন্ত্রী বলেন, যাত্রীসেবার মানোন্নয়ন, লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমাতে সরকারের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসিসহ মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত