ছুটিতে এটিএম বুথে ভোগান্তি

অজুহাত শুনতে চায় না কেন্দ্রীয় ব্যাংক

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৮:১৪ এএম

এটিএম বুথে টাকা না পাওয়া কিংবা যান্ত্রিক ত্রুটির কারণে টাকা তুলতে না পারা গ্রাহকদের জন্য নতুন সমস্যা নয়। বিশেষ করে সরকারি ছুটি ও উৎসবের সময়ে নগদ টাকার চাহিদা বাড়লে এ ভোগান্তি বেশি দেখা যায়। গ্রাহকরা বুথ থেকে বুথে টাকা খুঁজতে থাকেন। এতে সময় ও যাতায়াত খরচ বাড়ে। জরুরি প্রয়োজনে টাকা তুলতে না পেরে বিপাকেও পড়তে হয় তাদের। দুর্গাপূজা উপলক্ষে আজ থেকে টানা পাঁচ দিনের ছুটি। এবার এটিএম বুথে টাকা না পেয়ে গ্রাহক ভোগান্তি ও বিড়ম্বনা দেখতে চায় না বাংলাদেশ ব্যাংক।

ছুটির সময় বুথে পর্যাপ্ত টাকা রাখা, যান্ত্রিক ত্রুটি দ্রুত সমাধান এবং নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা আগেই দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুথে টাকা নেই, যান্ত্রিক ত্রুটি কিংবা বুথ বন্ধ, এসব অজুহাতে গ্রাহকদের ভোগান্তি মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে সংস্থাটি। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের সব ধরনের লেনদেন নগদবিহীন করার লক্ষ্য নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। ছোট-বড় সব লেনদেন ডিজিটাল মাধ্যমে সম্পন্ন করার উদ্যোগ থাকলেও এখনো নগদ টাকার প্রয়োজন রয়েছে। বিশেষ করে টানা ছুটিতে ব্যাংকের শাখা বন্ধ থাকায় নগদ টাকা তুলতে এটিএম ও সিআরএম বুথের ওপর নির্ভর করতে হয় গ্রাহকদের। এ সময় বুথে টাকা না থাকলে কিংবা যান্ত্রিক ত্রুটির কারণে সেবা বন্ধ থাকলে গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হয়।

আরিফ হোসেন খান বলেন, অতীতে দেখা গেছে, গ্রাহকরা এক বুথ থেকে অন্য বুথে ঘুরেও টাকা পাননি। কোনো বুথে টাকা নেই, কোথাও যান্ত্রিক ত্রুটি, আবার কোথাও বুথ বন্ধ। এ ধরনের অজুহাত বাংলাদেশ ব্যাংক শুনতে চায় না। ব্যাংকগুলোকে গ্রাহকসেবার মান বজায় রাখতে হবে। ছুটির সময়ও এটিএম ও সিআরএম বুথ সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

রাজধানীর সেগুনবাগিচা এলাকার জাহাঙ্গীর আলম নামের এক গ্রাহক দেশ রূপান্তরকে বলেন, ‘জরুরি প্রয়োজনে টাকা তুলতে গিয়ে অনেক সময় এক বুথ থেকে অন্য বুথে যেতে হয়। কোনো বুথে টাকা থাকে না, আবার কোনো বুথে কারিগরি সমস্যার কারণে টাকা তোলা যায় না। ছুটির দিনে ব্যাংকের শাখাও বন্ধ থাকে। তখন টাকা না পেলে বেশ সমস্যায় পড়তে হয়। ব্যাংকগুলো আগে থেকেই বুথে পর্যাপ্ত টাকা রাখলে এবং সমস্যা হলে দ্রুত সমাধান করলে এ ভোগান্তি কমত।’

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, এটিএম সেবা ব্যাংকের গ্রাহক সন্তুষ্টি বাড়ানোর পাশাপাশি ব্যবসা সম্প্রসারণ ও আমানত সংগ্রহেরও একটি মাধ্যম। কোনো ব্যাংকের বুথে গিয়ে গ্রাহক টাকা না পেলে ওই ব্যাংকের প্রতি তার আস্থা কমে যায়। এতে ব্যাংকের সুনাম ক্ষুণœ হওয়ার পাশাপাশি ব্যবসায়ও নেতিবাচক প্রভাব পড়ে। তিনি বলেন, ব্যাংকগুলোকে গ্রাহকসেবার গুরুত্ব বুঝতে হবে। যে সেবা চালু করা হয়েছে, গ্রাহকরা তার ওপর নির্ভরশীল হয়ে পড়লে সেই সেবা থেকে তাদের বঞ্চিত করা উচিত নয়। তাই ছুটির সময়ে এটিএম ও সিআরএম বুথে পর্যাপ্ত টাকা রাখা এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত