রাজশাহীর আখচাষীদের ১২ কোটি টাকার প্রণোদনা প্রধানমন্ত্রীর

অনুষ্ঠানে প্রতীকী অংশ হিসেবে প্রধানমন্ত্রী উপস্থিত ১৫ জন বাছাইকৃত আখচাষীর হাতে সরাসরি চেকের কপি তুলে দেন।

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পিএম
রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষীর কৃষি সহায়তায় ১২ কোটি টাকার আর্থিক প্রণোদনা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় বিশেষ ডিজিটালাইজড ব্যবস্থায় কম্পিউটারের বোতাম টিপে সরাসরি চাষীদের মোবাইল অ্যাকাউন্টে এই অর্থ হস্তান্তর করেন তিনি। খবর বাসস। 

উদ্বোধনী মুহূর্তে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আমি কম্পিউটারের একটি বোতামে চাপ দেব। চাপ দেওয়ার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে ইনশাল্লাহ আখচাষী ভাইদের অ্যাকাউন্টে সরকারের পক্ষ থেকে দেওয়া সাহায্য ও সহযোগিতা পৌঁছে যাবে।’
 
তিনি আরও বলেন, ‘সরকার আখচাষীদের সহায়তার জন্য মোট ১২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে, যা ৩৮ হাজার ৯৭০ জন আখচাষীর কাছে পৌঁছে দেওয়া হবে। আমি আশা করি এই আর্থিক সহযোগিতা তাঁদের আখ চাষে বহুগুণ সহায়ক ভূমিকা পালন করবে।’
 
এরপর প্রধানমন্ত্রী ‘আলহামদুলিল্লাহ’ বলে কম্পিউটারের বোতাম চাপলে জনসভাস্থলে উপস্থিত হাজার হাজার মানুষ সমস্বরে ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেন।

অনুষ্ঠানে প্রতীকী অংশ হিসেবে প্রধানমন্ত্রী উপস্থিত ১৫ জন বাছাইকৃত আখচাষীর হাতে সরাসরি চেকের কপি তুলে দেন। চেকপ্রাপ্ত চাষীরা হলেন— আবু সাঈদ চান, আবদুল আউয়াল মালেক, আবদুল মান্নান মন্ডল, এমাজ উদ্দিন, মো. কাহার, গোলাম রাব্বানী, সবিতা রানী, জালাল উদ্দিন মৃধা, জিয়াউল হক, মহিদুল ইসলাম, আবদুল মাজেদ, নিরান্দ কুমার ঘোষ, শামীমুর রহমান, রীমা খাতুন ও রফিকুল ইসলাম।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে আয়োজিত এই মহাসমাবেশে রাজশাহীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আসা হাজার হাজার নেতাকর্মীর পাশাপাশি বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী পুরুষ ও নারী অংশ নেন। বিকেল ৩টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী জনসভাস্থলে পৌঁছালে সেখানে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকেরা তাকে উষ্ণ সম্ভাষণ জানান।

জনসভায় প্রধানমন্ত্রীর সাথে মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা।

রাজশাহীর মূল জনসভা শেষে প্রধানমন্ত্রী স্থানীয় ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যান এবং সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় করেন। রাজশাহী অংশের সমুদয় কর্মসূচি শেষে সন্ধ্যায় তিনি পরবর্তী সফরসূচির অংশ হিসেবে বিমানযোগে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন।
সর্বশেষ সর্বাধিক পঠিত