আরবি লিপির প্রতি গভীর প্রেম চীনের ক্যালিগ্রাফি শিল্পী হাজি নুরুল দ্বীনকে যুক্ত করেছে ইসলামি শিল্পকলার সঙ্গে। চীনা ঐতিহ্য ও আরবি ক্যালিগ্রাফির সমন্বয়ে তিনি তুলে ধরছেন শিল্পের সৌন্দর্য ও সাংস্কৃতিক মেলবন্ধন। তার কাছে আরবি লিপিচর্চা হলো পবিত্র কোরআনের সেবা এবং ইসলামি শিল্পকলার সৌন্দর্য তুলে ধরার অন্যতম মাধ্যম।
সম্প্রতি আরব আমিরাতের শারজাহ ক্যালিগ্রাফি বিয়েনালে অংশ নিয়ে তিনি আরবি লিপির শৈল্পিক সৌন্দর্য, আধ্যাত্মিক তাৎপর্য এবং বিভিন্ন সংস্কৃতির শিল্পীদের মুগ্ধ করার কথা তুলে ধরেন।
তার শিল্পচর্চায় চীনা সাংস্কৃতিক ঐতিহ্য ও আরবি ক্যালিগ্রাফির নান্দনিকতার সমন্বয় ঘটেছে। কোরআনের সেবা করা এবং আরবি লিপির মর্যাদা তুলে ধরার লক্ষ্যেই তিনি এই দুই ধারার সমন্বয়ে নিজস্ব শিল্পরীতি গড়ে তুলেছেন।
আইকিউএনএ-এর বরাত দিয়ে তিনি বলেন, আরবি ক্যালিগ্রাফির সঙ্গে তার সম্পৃক্ততা এমন একটি শিল্পধারা তৈরি করেছে, যেখানে চীনা সংস্কৃতির পরিচয়ের সঙ্গে আরব ও ইসলামি শিল্পের ঐতিহ্যের মেলবন্ধন ঘটেছে।
নিজস্ব দক্ষতা ও শৈল্পিক জ্ঞান কাজে লাগিয়ে তিনি আরবি ক্যালিগ্রাফির আবহে বিভিন্ন শিল্পকর্ম তৈরি করছেন। একই সঙ্গে তার কাজের স্বতন্ত্র বৈশিষ্ট্যও অক্ষুণœ থাকছে। দুটি ভিন্ন সংস্কৃতির সংমিশ্রণই তার শিল্পকর্মকে বিশেষ পরিচিতি দিয়েছে। তার মতে, আরবি ক্যালিগ্রাফি হলো আধ্যাত্মিক ও নান্দনিক তাৎপর্যপূর্ণ একটি দৃশ্যশিল্প। বিশেষ করে পবিত্র কোরআন লিপিবদ্ধ করার ক্ষেত্রে এই শিল্পের গুরুত্ব অনন্য। কোরআনের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে ইসলামি সভ্যতায় আরবি ক্যালিগ্রাফি বিশেষ মর্যাদা লাভ করেছে। এর সৌন্দর্য ও তাৎপর্য বিভিন্ন সংস্কৃতির শিল্পীদেরও আকৃষ্ট করেছে। তারা নিজস্ব দৃষ্টিভঙ্গি ও শৈলী দিয়ে এই শিল্পকে আরও সমৃদ্ধ করছেন।