সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: ডিসি

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০২:৩০ এএম

পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মন্নান। তিনি বলেন, বাংলাদেশ চিরকালই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে উৎসবমুখর পরিবেশে সবাইকে আনন্দ উদযাপন করতে হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সরকার বদ্ধপরিকর। দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসব যাতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপিত হতে পারে, সে বিষয়ে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই মূল চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।

সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুভাষ কান্তি দাশের সভাপতিত্বে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার, সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ও চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম।

মন্দির পরিচালনা কমিটির সহসভাপতি নারায়ণ কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাশ, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মুকুল কান্তি দাশ, চকরিয়া সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মনসুর মহসিন, সাধারণ সম্পাদক ইউসুফ বিন হোছাইন, অর্থ সম্পাদক রাজু দাশ, দপ্তর সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির পরিচালনা কমিটির কার্যকরী সভাপতি সুজিত কান্তি দাশ ও সাধারণ সম্পাদক ডা. অসীম কান্তি দে।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসকসহ অতিথিরা পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আয়োজন ঘুরে দেখেন। পরে তারা সেখানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত