‘অনিচ্ছাকৃত’ ভুলের জন্য দুঃখ প্রকাশ করলেন মাহমুদউল্লাহ

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১১:০৫ এএম

শান্ত-শিষ্ট স্বভাব ও বিতর্কমুক্ত ভাবমূর্তির জন্য আলাদা পরিচিতি রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। তবে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ‘জমজম ব্রাদার্স’-এর একটি বাণিজ্যিক প্রচারণামূলক ভিডিওতে অংশ নিয়ে চরম সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের মুখে পড়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। 

বাণিজ্যিক প্রচারণামূলক ভিডিওটি কেন্দ্র করে ভানুয়াতুর মতো দ্বীপরাষ্ট্রের নাগরিকত্বে বিনিয়োগসংক্রান্ত আইনি জটিলতা ও অর্থ পাচারের অভিযোগ তুলে বিষয়টি সামনে আনেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। সেখানেই নিজের ভুল বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভিডিওটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন এবং ক্রিকেট ভক্ত ও দেশবাসীর কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মাহমুদউল্লাহ।

পুরো বিতর্কের সুনির্দিষ্ট ব্যাখ্যা দিয়ে গত মঙ্গলবার (২০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট দেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। ভিডিওতে যুক্ত হওয়ার প্রেক্ষাপট বর্ণনা করে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আমার একটি ভিডিওকে কেন্দ্র করে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, সে বিষয়ে আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই। কিছুদিন আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে জমজম ব্রাদার্সের সঙ্গে আমার প্রথম পরিচয় হয়। তাদের আমন্ত্রণে একদিন তাদের অফিসে গেলে, তারা তাদের একটি নতুন ব্যবসায়িক প্রকল্পের বিষয়ে ভিডিও করার অনুরোধ জানান। তবে প্রকল্পটি সম্পর্কে আমার আগে থেকে কোনো ধারণা ছিল না এবং এর সঙ্গে আমার কোনো ধরনের ব্যবসায়িক এবং অর্থনৈতিক সম্পৃক্ততাও নেই।’ 

এদিকে সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুক পোস্টে দাবি করেন, ভানুয়াতুর নাগরিকত্বে বিনিয়োগের জন্য যে বিপুল অর্থের প্রয়োজন, তা বাংলাদেশ থেকে বিদেশে পাঠানোর কোনো বৈধ আইনি উপায় নেই। এমন একটি স্পর্শকাতর ও অবৈধ অর্থ পাচারের গুঞ্জনে জাতীয় দলের সাবেক অধিনায়কের নাম জড়িয়ে পড়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি। বিষয়টি ছড়াতেই মাহমুদউল্লাহর অনুরোধের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে জমজম ব্রাদার্স তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি মুছে ফেলে।

ক্যারিয়ারজুড়ে ক্রিকেট মাঠে ও মাঠের বাইরে শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে ফেসবুক বার্তায় মাহমুদউল্লাহ আরও যোগ করেন, ‘আমার পুরো ক্যারিয়ারে ব্যক্তিগত ও পেশাগত জীবনে সব সময় বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করেছি। অনিচ্ছাকৃত এই ঘটনায় কেউ কষ্ট পেয়ে থাকলে কিংবা কোনো ধরনের বিভ্রান্তির সৃষ্টি হয়ে থাকলে, আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।’

ভবিষ্যতে যেকোনো বাণিজ্যিক চুক্তি বা প্রচারণায় অংশ নেওয়ার আগে পর্যাপ্ত সচেতনতা অবলম্বন করবেন বলে ভক্তদের কথা দিয়েছেন তিনি। একই সাথে পোস্টের শেষাংশে রিয়াদ প্রতিশ্রুতি দিয়ে লিখেছেন, ‘ভবিষ্যতে এ ধরনের বিষয়ে আরও সতর্ক থাকব, ইনশাআল্লাহ। সবার ভালোবাসা, সমর্থন ও বোঝাপড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।’ 

সর্বশেষ সর্বাধিক পঠিত