ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ব্যালন ডি'অরজয়ী কে? ১৯৫৬ সাল থেকে বিশ্বের সেরা ফুটবলারকে দেওয়া এই মর্যাদাপূর্ণ পুরস্কারের স্রষ্টা ‘ফ্রান্স ফুটবল’ এবার সেই চিরন্তন প্রশ্নের চূড়ান্ত উত্তর খুঁজতে শুরু করেছে অনলাইন ভোটাভুটি। অন্তত দুবার ব্যালন ডি'অর জিতেছেন, এমন ১০ জন কিংবদন্তিকে নিয়ে আয়োজিত এই বিশেষ আসরের নাম দেওয়া হয়েছে 'বোট' (B.O.A.T - Best Of All Time)।
তবে সর্বকালের সেরার এই লড়াইয়ে জায়গা পাননি ফুটবলের অন্যতম মহানায়ক ও ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা। ১৯৯৫ সালের আগে পর্যন্ত ব্যালন ডি'অর কেবল ইউরোপীয় ফুটবলারদের জন্যই সংরক্ষিত থাকায় ক্যারিয়ারজুড়ে পরম পাওয়ার যোগ্য হলেও এই ট্রফি জেতা হয়নি আর্জেন্টাইন কিংবদন্তির। এতে ম্যারাডোনার অনুপস্থিতিতে সর্বকালের সেরা ব্যালন ডি'অরের এই মহারণ রূপ নিয়েছে একবিংশ শতাব্দীর দুই পরাশক্তি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির ময়দানে।
ম্যারাডোনার মতো একই সমীকরণে এই তালিকায় নেই ফুটবল সম্রাটখ্যাত পেলেও। আর একবার করে ব্যালন ডি’অর জেতায় জায়গা মেলেনি জিনেদিন জিদান ও রোনালদিনহোদের মতো কিংবদন্তিদের।
লন্ডনের ঐতিহাসিক প্যালেডিয়াম থিয়েটারে আগামী ২৬ অক্টোবরের জমকালো ব্যালন ডি'অর নাইটের আগেই সেরা নির্বাচন করতে বিশ্বজুড়ে ডিজিটাল প্ল্যাটফর্মে ভক্তদের জন্য উন্মুক্ত করা হয়েছে এই ভোটিং। প্রতি ভোটের জন্য ১ ইউরো (প্রায় ১৪০ টাকা) ফি দিয়ে ফুটবলপ্রেমীরা পছন্দসই তারকাকে বেছে নিচ্ছেন।
তবে ভোটের শুরুর দিকের ফলাফলেই বড় চমক, একচ্ছত্র আধিপত্য নিয়ে শীর্ষে বসে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগজয়ী সিআরসেভেনের সেই বিধ্বংসী সংস্করণটিই একাই বাগিয়ে নিয়েছে ৬২ শতাংশ ভোট।
অন্যদিকে রেকর্ড আটবারের ব্যালন ডি'অর বিজয়ী লিওনেল মেসির ভোট ছড়িয়ে গেছে তাঁর আলাদা আলাদা সফলতম মৌসুমের মধ্যে। ২০১২ সালে এক পঞ্জিকাবর্ষে ৯১ গোলের বিশ্বরেকর্ড গড়া মেসি পেয়েছেন ১৩ শতাংশ ভোট এবং কাতার বিশ্বকাপজয়ী ২০২২–২৩ মৌসুমের মেসি পেয়েছেন ৯ শতাংশ ভোট।
ভোটিংয়ের এই মেরুকরণ ও সিআরসেভেনের বিশাল লিড নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে আন্তর্জাতিক খ্যাতনামা সংবাদমাধ্যম 'ক্লারিন' সরাসরি উল্লেখ করেছে, ভোটিং পদ্ধতির কারণে মেসির সমর্থকেরা তাঁর আটটি ভিন্ন ভিন্ন ট্রফিজয়ী অসাধারণ মৌসুমের মধ্যে বিভক্ত হয়ে পড়েছেন। অন্যদিকে রোনালদোর ভক্তরা তাঁর প্রথম ইউরোপীয় জয়ের মৌসুম অর্থাৎ ২০০৮ সালের সংস্করণকে বেছে নিচ্ছেন, যা তাঁকে বিশাল ব্যবধানে এগিয়ে দিয়েছে।
আগামী ২৬ অক্টোবরের সন্ধ্যায় পর্দা উঠবে মূল ব্যালন ডি'অর অনুষ্ঠানের। তার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত চালু থাকবে এই 'বোট' ভোটিং।
এক নজরে দেখে নিন সর্বকালের সেরা ব্যালন ডি'অর লড়াইয়ের ১০ চূড়ান্ত মনোনীত প্রার্থী ও তাঁদের ব্যালন ডি’অর সংখ্যা।
- লিওনেল মেসি (আর্জেন্টিনা): ৮ বার (২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১, ২০২৩)
- ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল): ৫ বার (২০০৮, ২০১৩, ২০১৪, ২০১৬, ২০১৭)
- মিশেল প্লাতিনি (ফ্রান্স): ৩ বার (১৯৮৩, ১৯৮৪, ১৯৮৫)
- ইয়োহান ক্রুইফ (নেদারল্যান্ডস): ৩ বার (১৯৭১, ১৯৭৩, ১৯৭৪)
- মার্কো ভ্যান বাস্তেন (নেদারল্যান্ডস): ৩ বার (১৯৮৮, ১৯৮৯, ১৯৯২)
- আলফ্রেডো ডি স্তেফানো (আর্জেন্টিনা/স্পেন): ২ বার (১৯৫৭, ১৯৫৯)
- ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (জার্মানি): ২ বার (১৯৭২, ১৯৭৬)
- কেভিন কিগান (ইংল্যান্ড): ২ বার (১৯৭৮, ১৯৭৯)
- কার্ল-হাইঞ্জ রুমিনিগে (জার্মানি): ২ বার (১৯৮০, ১৯৮১)
- রোনালদো নাজারিও (ব্রাজিল): ২ বার (১৯৯৭, ২০০২)
উইন্ডিজের প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশে একাধিক চমক