পটুয়াখালীর দুমকিতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে পায়রা নদী থেকে ৫ হাজার মিটার অবৈধ জাল ও একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে। এ সময় আটক তিনজনের মধ্যে দুই জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং এক কিশোরকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন মো. মজিবর হাওলাদার (৬২) ও উজ্জ্বল হাওলাদার (২৬)। মুচলেকায় মুক্তি পাওয়া কিশোরের নাম সিয়াম (১৩)। তাদের গ্রামের বাড়ি পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার দুধলমৌ গ্রামে।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত পায়রা নদীর বাহেরচর, লেবুখালী, আলগি ও রাজগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত দুই জেলেকে কারাদণ্ড দেন এবং বয়স বিবেচনায় কিশোরকে মুচলেকায় ছেড়ে দেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।